শিমুলিয়া ঘাট পরিদর্শন করলেন ডিআইজি

বৃহস্পতিবার সকালে শিমুলিয়া ঘাট পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান। এসময় তিনি ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম এবং ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার এসময় উপস্থিত ছিলেন। ডিআইজি আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিমুলিয়া ঘাটসহ ঢাকা মাওয়া মহাসড়কে যাটজট নিরসন ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ফোর্সদের ব্রিফিং প্যারেডে অংশ নেন।

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদকে সামনে রেখে থাকবে চার স্তরের নিরাপত্তা। প্রায় চারশ পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য এখানে কাজ করবে। পুরো ঘাটে থাকবে সার্বক্ষণিক সিসি টিভি। ওয়াচ টাওয়ার থেকে সবকিছু পর্যবেক্ষণ করা হবে। সব মিলিয়ে পুরো ঘাট থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। যানজট নিরসনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম জানান, ঈদের তিনদিন আগে ও পরে মোট ছয়দিন ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে। নৌরুটে ৮৭টি লঞ্চ, ১৮টি ফেরি ও দুই ঘাট মিলিয়ে ৫৪০টি স্পিডবোট চলাচল করবে। তবে এখন ফেরি চলছে ১৫টি।  চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘাট এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। আসন্ন ঈদে শিমুলিয়া ঘাটে যাত্রীদের দুর্ভোগের কোনো আশঙ্কা নেই। ইউএনও আরো জানান, উত্তাল পদ্মায় যাতে জীবনের ঝুঁকি নিয়ে কোনো নৌযান চলাচল করতে না পারে তা প্রতিরোধে কঠোর নির্দেশনা  দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঈদের তিনদিন আগে ও পরে মোট ছয়দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।