ঘরে আগুন দিয়ে বেতাগীতে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২১:০৭
বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, জমি-জমা নিয়ে প্রতিপক্ষ মোঃ শাহআলম ও মোঃ শাহজাহান সিকদারের সাথে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে বিচারাধীন একাধিক মামলাও রয়েছে। তারই জের ধরে প্রতিপক্ষ শাহআলম ও শাহজাহান তার আত্মীয় আব্দুস সত্তার মৃধাকে গুম করে এবং তার পরিবারের কেউ বাড়িতে না থাকার সুবাদে একটি পরিত্যক্ত ঘরে আগুন দিয়ে আব্দুল কাদের, মো:ফজলু, মো:জহিরুল, স্বপন, মো: সজল, আব্দুল গনি, আব্দুল হামেদ ও জলিলকে ফাঁসানোর পাঁয়তারা করে। থানায় মামলা না নেয়ায় পরে বরগুনা আদালতে মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ঘরে কেউ বসবাস করেন না। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মামলাবাজ হিসেবে খ্যাত শাহআলম ও শাহজাহান আত্মীয় আব্দুস সত্তার মৃধা অপহরণের একটি নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করে আসছে। এ মামলায় তারা বর্তমানে জামিনে থাকলেও জামিন বাতিল করার উদ্দেশ্যে নিজেরাই ঘরে আগুন দিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে। তারা এঘটনায় স্থানীয় প্রশাসনের সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান খ.ম. ফাহরিয়া সংগ্রাম আমিনুল জানান, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিত্যক্ত ঘরে আগুন দেয়া হয়েছে।