সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড এলাকায় আগামী ২১ আগষ্ট উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, ইকবাল হোসেন ও মাসুম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিউটির বাবা শহীদ চেয়ারম্যান ও তার ছেলে শফিকুল ইসলাম অপর দুই প্রার্থী ও তার কর্মীদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত বুধবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইকবাল সমর্থকদের উপর হামলা চালায় শহীদ চেয়ারম্যানের গ্রুপের লোকজন। এসময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন কর্মী আহত হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।