দীঘিনালায় হামলায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী আহত

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালীতে বিএনপি’র অতর্কিত হামলায় বুধবার রাতে আওয়ামী লীগের ১৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থিত ৪জন ব্যবসায়ীর দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। আহত নেতা-কর্মীদের দীঘিনালা ও খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনকভাবে ওসমান গনি নামের একজনকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর পাল্টা জনরোষের শিকার হয়েছে বিএনপি’র আরো ৪জন নেতা-কর্মী। এরমধ্যে দীঘিনালা পুলিশ ৩ জনকে আটক করে। জানা যায়, এক যুবদল নেতাকে মারধরের জের ধরে বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ নিয়ে স্থানীয় সেনানিবাসে যায়। সেখান হতে ফেরার পরই অতর্কিতভাবে কবাখালী বাজারে গিয়ে খুঁজে খুঁজে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মারধর করে বিএনপি কর্মীরা। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বিএনপি সমর্থরা লাঠিসোটা, রডসহ দেশীয় তৈরি অস্ত্রশস্ত্রে আগে থেকে সজ্জিত ছিল। উপজেলা বিএনপি‘র সভাপতি এ হামলার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।