নির্যাতনের শিকার দুই কন্যাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা

দাগনভূঞায় পাশবিক নির্যাতনের শিকার এক অসহায় পরিবারের দুই কিশোরী কন্যাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা। জানা গেছে, দাগনভূঞার জাঙ্গালীয়া গ্রামের শাহ আলমের দুই কিশোরী কন্যাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর গ্রামের মেজবাউর রহমান তার ঢাকার বাসায় কাজ করতে নিয়ে যায়। গৃহপরিচালিকার কাজ করতে এনে মেজবাহ কিশোরী দুই বোনকে দিয়ে অনৈতিক কাজ করায় এবং পাশবিক নির্যাতন চালায়। কিশোরী দুই বোনকে নির্যাতনের কথা কাউকে বলতে নিষেধ করে এবং বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে দীর্ঘ দেড় বছর চুপ থাকে ওই দুই কিশোরী। পরে কিশোরী দুই বোন ঘটনা তাদের মাকে বললে তিনি আইনের আশ্রয় নেন। ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে মেজবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা এবং দাগনভূঞা থানায় একটি জিডি করেন। মামলার বাদী শাহানা বেগম জানান, মামলা তুলে নেয়ার জন্য তাকে অব্যাহত প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। মেজবাহর ভয়ে দুই কিশোরী মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন শাহানা।