নীলফামারীতে বৃষ্টির অভাবে আমন ক্ষেত ফেটে চৌচির
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২১:২১
আষাঢ় পেরিয়ে শ্রাবণও শেষের পথে। গোটা নীলফামারী জেলায় বর্ষা মৌসুমে আমন রোপণের জন্য কাঙ্ক্ষিত বৃষ্টি নেই। শুকিয়ে গেছে আগাম লাগানো আমন ক্ষেত। বৃষ্টির অভাবে আমন রোপণ দারুণ ব্যাহত হচ্ছে। বৃষ্টির অপেক্ষা না করে কৃষকরা ইরি- বোরো আবাদের মতো সেচযন্ত্র বসিয়ে জমিতে সেচ দিয়ে আমন রোপণ শুরু করেছে। যেখানে এই সেচের অভাব সেখানে আমন ক্ষেতের মাটি ফেটে চৌচির হয়ে পড়েছে। এবার সময়মত বৃষ্টিপাত না হওয়ায় আমন উত্পাদন ব্যাহত আশংকা রয়েছে। ঈদের আগে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল তা মাটি শুষে নিয়েছে।
মাঠ শুকিয়ে যাওয়ায় কৃষকরা বেশ বেকায়দায় পড়েছে। ফসল বাঁচাতে সেচযন্ত্র চালিয়েও কূল পাচ্ছে না কৃষক। এমন পরিস্থিতিতে রোপা আমন আবাদ নিয়ে শংকায় পড়েছে নীলফামারীর কৃষকরা। পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগের পক্ষ থেকে সেচের মাধ্যমে আমন আবাদের জন্য কৃষকদের মাঝে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ভরা বৃষ্টির অভাবে আমন আবাদের জমিসহ ছোট-বড় খাল শুকিয়ে গেছে। পানির অভাবে জমি ফেটে রোপিত আমন চারা ধারণ করেছে হলুদ বর্ণ। এদিকে বৃষ্টির অভাবে খাল-বিলের পানি শুকিয়ে যাওয়ায় কৃষকরা পাট জাগ দিতে পারছে না। ফলে অনেকে ক্ষেত থেকে পাট কাটতে পারছে না। কেউ আবার ক্ষেত থেকে পাট কাটলেও সেই পাট রাস্তার ধারে ফেলে রেখেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সিরাজুল ইসলাম বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে আমন আবাদের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হচ্ছে না নীলফামারীতে। এ কারণে সেচ দিয়ে আমন চারা লাগানো এবং প্রয়োজন মাফিক বৃষ্টি না হওয়া পর্যন্ত সম্পূরক সেচ দেয়ার জন্য কৃষকদের মাঝে প্রচারণা ও পরামর্শ দেয়া হয়েছে।