বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নিহত ছয়

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৬ নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। মাগুরায় বিদ্যুত্স্পৃষ্টে যুবকের মৃত্যু মাগুরা পৌর এলাকার মোল্যা পাড়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে শাহজালাল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। টেলিভিশনে ডিশ এন্টিনার সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুত্পৃষ্ট হয়। তাকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। ধামরাইয়ে গৃহবধূর আত্মহত্যা ঢাকার ধামরাই উপজেলার বেলিশ্বর গ্রামে গত বুধবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে হেলেনা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ভাত রান্না করতে দেরি করায় তার স্বামী শাজাহান মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে সে আত্মহত্যা করে। স্বরূপকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার পাটিকেলবাড়ী গ্রামে গত বুধবার বিকালে পানিতে ডুবে সপ্না (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ভাঙ্গায় স্কুল ছাত্রের মৃত্যু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাপায় সোহাগ (৮) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি ছাত্র ছিল। সুনামগঞ্জে নৌকা ডুবিতে শ্রমিকের মৃত্যু সুনামগঞ্জ শহরতলির টুকের বাজার এলাকা সংলগ্ন সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে গতকাল বৃহস্পতিবার সকালে শফিকুল মিয়া (২২) নামে এক শ্রমিক মারা গেছেন। বালু বোঝাই নৌকায় ৬ জন যাত্রীর পাঁচজন শ্রমিক সাতরে তীরে উঠলেও শফিকুল মিয়া পানিতে ডুবে মারা যায়। জীবননগরে চালক নিহত চুয়াডাঙ্গার জীবননগর-দত্তনগর সড়কের নারিকেলবাগান এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে করিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মনির হোসেন (৩৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়। এ সময় দুর্ঘটনায় তার স্ত্রী লিপি খাতুনসহ করিমনযাত্রী দুই মহিলা আহত হন।