সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২১:২৩
ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে সমাবেশ
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ ফরিদপুর বিএনপি সভাপতি জহুরুল ইসলাম বকুলের নেতৃত্বে ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জহুরুল ইসলাম বকুল, রেজাউল করিম, আমিনুল হক সাবেরী, খালেদ মোশারফ, রুহুল আমিন মাস্টার প্রমুখ।
সুজানগরের বিল থেকে কারেন্ট জাল উদ্ধার
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে উপজেলার গাজনার বিলে অভিযান চালিয়ে আনুমানিক পাঁচ লক্ষ টাকা মূল্যের দুইশ’ পিচ নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৫টি খড়া জাল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন থানা পুলিশের সহযোগিতায় ইঞ্জিনচালিত নৌকাযোগে উক্ত বিলে অভিযান চালিয়ে ওই জাল উদ্ধার করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য অফিসার শাহীনূর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা ও সহকারী মত্স্য কর্মকর্তা সাইফুল ইসলাম। পরে উদ্ধারকৃত জাল বিল পাড়ে পুড়িয়ে ফেলা হয়।
বেনাপোলে বিজিবি-বিএসএফ বৈঠক
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল বিজিবি কোম্পানী সদরে গত বুধবার সন্ধ্যায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফ‘র মধ্যে সীমান্ত সড়কসহ বিভিন্ন সমস্যা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। ১০ সদস্যর বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ২৩ বিজিবি’র ব্যাটালিয়ন কমান্ডার লে, কর্নেল মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্টাফ অফিসারবৃন্দ। বিএসএফ-এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪০ বিএসএফ-এর ব্যাটালিয়ন কমান্ডার শ্রী বারজেনদা শিংসহ ৭ সদস্যর স্টাফ অফিসারবৃন্দ। বৈঠকে সীমান্ত সড়ক এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
পাকুন্দিয়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া এসআই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রীসহ স্থানীয় এলাকাবাসীরা। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চণ্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. মঈনুদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মো. ইব্রাহীম, বিদ্যালয়ের শিক্ষক খন্দকার শাহ মো. আলমগীর. মোসলেউদ্দিন সোহাগ প্রমুখ।
হোমনা ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা ডিগ্রি কলেজে ২০১৪-১৫ শিক্ষা বর্ষে এইচএসসি ও স্নাতক পাস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন- দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. খুরশিদুজ্জামান, পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনোয়ার হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. খায়রুল হাসান শিপন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান সিকদার।
সুনামগঞ্জে অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জ শহরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মালিক এবং শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে একটি মিছিল বের হয়ে পৌরসভা চত্বরে এসে সমাবেশ করেন মালিক ও শ্রমিকরা। শ্রমিক নেতা সোহেল আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র আইয়ুব বখত জগলুল। সমাবেশে উপস্থিত ছিলেন- মালিক প্রতিনিধি সোহেল মিয়া, জমসেদ মিয়া, শ্রমিক নেতা নবী নূর, হাফিজুর রহমান, শাকিল মিয়া, মাসুম রেজা, আনোয়ার হোসেন প্রমুখ।
মানব সম্পদ উন্নয়নে কাজ করবে ধামরাইয়ের সজাগ রেডিও
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ দ্রুত এগিয়ে চলেছে সজাগ রেডিও সেন্টার নির্মাণের কাজ। পিকেএসএফ-এর ঋণ সহায়তায় ‘সজাগ’ ধামরাইয়ের কালামপুরে নির্মাণ করছে সজাগ রেডিও সেন্টারের ছয়তলা ভবন। চলতি বছরের শেষনাগাদ সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং ২০১৫ সালের প্রথমদিকেই সজাগ রেডিও কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করলেন সজাগের পরিচালক আব্দুল মতিন। তিনি জানালেন, খুব শিগগিরই মানুষ সজাগ রেডিওর সুফল ভোগ করতে পারবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মানব সম্পদ উন্নয়ন নিয়ে কাজ করবে সজাগ রেডিও। তিনি আরও জানান খুব শিগগিরই আসছে সজাগ টেলিভিশন।
শ্যামনগরে গাঁজা ব্যবসায়ীর সাজা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে এক চিহ্নিত পেশাদার গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত গাঁজা ব্যবসায়ী উপজেলার নূরনগর ইউনিয়নের খাসবাড়ি গ্রামের নূর মোহাম্মদ গাজীর ছেলে কবির গাজী। জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানে গোপনে জানতে পেরে থানা পুলিশের এএসআই মুরাদ গত বুধবার রাত সাড়ে ৮টার সময় নূরনগর ইউনিয়নের নূরনগর বাজার থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ কবিরকে আটক করে। আটককৃত গাঁজা ব্যবসায়ীকে একবছর সাজা প্রদান করা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম জানান।
নরসিংদী জেলা ও দায়রা জজের মতবিনিময়
নরসিংদী প্রতিনিধি\ বুধবার নরসিংদী জেলা জাজশীপের সম্মেলনকক্ষে লিগ্যাল এইড বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম। সভাপতির বক্তৃতায় জেলা ও দায়রা জজ শফিকুল করিম বলেন, সমাজের ধনীক শ্রেণীর মানুষ মামলায় জড়ালে আমরা বিচলিত হয়ে পড়ি। কিন্তু বিচার-বঞ্চিত গরীব, অসহায় মানুষের দিকে কেউ তাকাচ্ছে না। অথচ বিচার ও আইনগত সহায়তাপ্রাপ্তি প্রতিটি নাগরিকের সাংবিধানিক তথা মৌলিক অধিকার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আব্দুল কাদের টিটু প্রমুখ। মতবিনিময় সভায় নরসিংদী প্রেসক্লাবের অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
মদনে বিশ্ব মাতৃত্ব ও দুগ্ধ দিবস পালন
মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার মদন উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব মাতৃত্ব ও দুগ্ধ দিবস উপলক্ষে স্বাস্থ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আঃ রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপ-স্বাস্থ্য সহকারী আবুল হাসেম, ইপিআই টেকনেশিয়ান শামছুদ্দিন, সাংবাদিক মো: ইউসুফ আলী তালুকদার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ।
চৌদ্দগ্রামে দুই সহোদরসহ চার আসামি গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই সহোদরসহ ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন; উপজেলার কাশিনগর ইউনিয়নের শাহাপুরের মৃত ছালামত উল্যাহর ছেলে আহসান উল্যাহ, তার ভাই তৌহিদুল ইসলাম, অলিপুরের মৃত সেকান্তর আলীর ছেলে আবুল খায়ের ও মুন্সিরহাট ইউনিয়নের চানপুরের মুন্সি আবদুল গণির ছেলে আবদুল লতিফ।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়’।
খোকসায় মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা\ কুষ্টিয়ার খোকসায় গাঁজা সেবনের দায়ে ২ জনের ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা খান গাঁজা সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উপজেলার নিশ্চন্তবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ঝন্টু (২০) এবং একই গ্রামের আলতাপ হাসানের ছেলে সিদ্দিক হাসানকে (১৮) ৬ মাসের করে কারাদণ্ড দিয়েছে।
উখিয়ায় মানবপাচারকারী আটক
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ টেকনাফের সেন্টমার্টিন চ্যানেলে সমপ্রতি মালয়েশিয়ার যাত্রী বোঝাই একটি ট্রলারে যাত্রী ও দালালদের মাঝে সংঘর্ষে ৬ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার ২৪নং আসামি রামু উপজেলার গোয়ালিপালং গ্রামের মোহাম্মদ কালুর ছেলে নূরুল আমিন প্রকাশ বাদশাকে (৩০) পুলিশ কোটবাজার থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আটক করেছে। উখিয়া থানার এএসআই নজরুল জানান, ধৃত আসামিকে আটক করতে গেলে সে তার উপর হামলার চেষ্টা চালায়। পরে সাথে থাকা পুলিশের সহযোগীতায় বাদশাকে আটক করা হয়।
ভুরুঙ্গামারীতে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ভুরুঙ্গামারীতে ম্যানেজিং কমিটির সদস্য কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক আমজাদ হোসেন, অভিভাবক সদস্য গোলাম হোসেন, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন, শিক্ষক আব্দুল আজিজ, ছাত্র শহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত রবিবার বঙ্গসোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের জমিতে মার্কেট নির্মাণ করতে গেলে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুর রহমান (৩৭) বাধা দিলে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আঘাত করলে প্রধান শিক্ষকের ডান পা ভেঙ্গে যায়। এ ব্যাপারে ঐ দিনই ভুরুঙ্গামারী থানায় মামলা করা হয়। বর্তমান প্রধান শিক্ষক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
বিজয়নগরে কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার পূর্বাচল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুল হক সরকারের সভাপতিত্বে ও অধ্যক্ষ রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট তানভীর ভুঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুননেহার টুনি, প্রেসক্লাব সভাপতি আমীর মাহমুদ ভুঁইয়া, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ।
ঈশ্বরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সভা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল বৃহস্পতিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লক্ষ্মীনারায়ণ মজুমদারের সভাপতিত্বে শোভাযাত্রা পরবর্তী সভায় বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য কর্মসূচির ফিল্ড সুপারভাইজার মৃণাল কান্তি চক্রবর্তী, স্যানিটারী ইন্সপেক্টর মো. মিজানুর রহমান, সাংবাদিক রতন ভৌমিক প্রমুখ। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিএইচসিপিসহ কেয়ার বাংলাদেশের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনীতে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার বিচার দাবিতে হরতাল
পরশুরাম (ফেনী) সংবাদদাতা \ ফেনীর বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত জেলা স্বেচ্ছাসেবক দলের ডাকা হরতাল পালিত হয়। বুধবার বিকালে ফেনী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জানাজায় এ হরতাল আহবান করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিলউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েলের নেতৃত্বে সকাল ১০টায় শহরের সমবায় সুপার মার্কেটের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে শেষ হয়। মোস্তফা মনির গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মধুয়্যাই গ্রামের সুন্দরপুর বাজারে যায়। এ সময় স্থানীয় ৫-৬ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে একটি অটোরিকশায় তুলে সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর কালীবাড়ির পাশে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যায়। প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান।
আদিতমারীতে আমন ধান চাষে প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় উচ্চফলনশীল আমন জাতের বিনা-৭ ধানের চাষাবাদে সার ব্যবস্থাপনা, আগাছা দমন, সেচ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক উপায়ে বালাইনাশক দমন বিষয়ক কৃষক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার উপজেলার ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভেটেশ্বর ব্লকের ৫১ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামূল হক। এসময় মহিলা ইউপি সদস্যা এছনাহার বেগম, প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ, প্রোগ্রাম অর্গানাইজার মোহসিন রেজা, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট আব্দুল মোয়ীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগেশ্বরীতে মাতৃদুগ্ধ সপ্তাহে র্যালি ও সভা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে সারাদেশের ন্যায় মাতৃদুগ্ধ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জি.আর.এম মোকছেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো: রহমতুল্লাহ, সলিডারিটির নাগেশ্বরী ব্যবস্থাপক হাজেরা বেগম লাভলী, এইড কুমিল্লার প্রোগ্রাম ম্যানেজার আবুল হোসেন প্রমুখ।
কোম্পানীগঞ্জে জলদস্যু বাহিনীর প্রধান গ্রেফতার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা \ কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে গত বুধবার গভীর রাতে শীর্ষ সন্ত্রাসী ও মিশন বাহিনীর প্রধান জলদস্যু শহিদ উল্যাহ প্রকাশ লিটনকে (৩০) কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল, ধান লুটসহ ৬টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর না করে জেলহাজতে প্রেরণ করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান সাজিদ জানান, শহিদ উল্যাহ প্রকাশ লিটন স্থানীয় জলদস্যু মিশন বাহিনীর প্রধান বলে জানা যায়।
সোনাগাজীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ দৈনিক ফেনীর সময় এর সোনাগাজী প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেনকে অজ্ঞাত নাম্বার থেকে গত সোমবার থেকে হুমকি দিচ্ছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আমজাদ হোসেন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিক আমজাদ হোসেনের ব্যবহূত মোবাইলে জনৈক ব্যক্তি নিজেকে শহীদ পরিচয় দিয়ে ০১৮১৯-৯৭৫৬০৬ নাম্বার থেকে ফোন করে কোন কথা ছাড়াই অকথ্য ভাষায় গালমন্দ করে ও হত্যার পর লাশ গুম করার হুমকি প্রদান করে। এ ব্যাপারে আমজাদ হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন।