যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের বিচার দাবি

গণজাগরণ মঞ্চের সমাবেশ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে গণহত্যাকারীদের রক্ষা করতে মিশনে নেমেছে। তারা ইরাক, সুদান, ফিলিস্তিন ও বাংলাদেশের গণহত্যাকারীদের পক্ষে অবস্থান করেছে। ১৯৭১ সালেও পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে তারা পরোক্ষভাবে এদেশের লাখ লাখ নিরীহ মানুষকে হত্যা করতে সহায়তা করেছিল। তারা গণহত্যাকারীদের দোসর। তবে দেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকতে তাদের এ মিশন কোনভাবে সফল করতে দেয়া যাবে না। যুদ্ধাপরাধীদের সংগঠন হিসেবে জামায়াতেরও বিচার হতে হবে। বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। শিষ্টাচার বহির্ভূতভাবে মার্কিন কূটনৈতিকের বাংলাদেশের যুদ্ধাপরাধ সংগঠন জামায়াত-শিবিরের রক্ষা চেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চের একাংশ। উল্লেখ্য, সম্প্রতি এক বক্তব্যে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের বিচারের বিপক্ষে মত ব্যক্ত করেন।