শুরু থেকেই থাকছেন নেইমার

বার্সেলোনায় নিজের প্রথম মেডিক্যাল পরীক্ষাটা ভালভাবেই উের গেছেন নেইমার। ফলে আশা করা হচ্ছে, কাতালানদের হয়ে মৌসুমের শুরু থেকেই মাঠে থাকতে পারবেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ডাক্তারদের পরীক্ষা-নিরীক্ষার পরে আলাদাভাবে অনুশীলনও শুরু করেছেন তিনি। ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পিঠের নিচের অংশে মারাত্মক আঘাত পান নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডার ক্যামিলিও জুনিগার সাথে বল দখলের লড়াইয়ের একপর্যায়ে তার হাঁটুর আঘাতে মাঠ ছেড়েই বেড়িয়ে যেতে বাধ্য হন তিনি। পরে জানা যায়, মেরুদণ্ডের একটি কশেরুকায় ফাটল ধরেছে তার, শেষ হয়ে যায় বিশ্বকাপও। সেমিফাইনাল আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বড় ব্যবধানে হারে তার অনুপস্থিতিটা ভালভাবেই টের পায় ব্রাজিলও। বিশ্বকাপের সময়টা দলের সাথে কাটালেও পরে সতীর্থদের মতোই চলে যান অবকাশযাপনে। স্পেন, জাপানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুুরে বেড়ানোর পাশাপাশি কাজ করেন ফিটনেস পুনরুদ্ধারেও। উন্নতি আশাব্যঞ্জক হওয়ায় ধারণা করা হচ্ছে, ২৩ আগস্ট বার্সেলোনার মাঠে এলচির সঙ্গে মৌসুমে দলের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন তিনি। এবার মেডিক্যাল পরীক্ষাও জানালো সেই তথ্যের নিশ্চয়তাই। ক্লাব কর্তৃপক্ষও জানালো সে কথাই। নেইমারসহ বিশ্বকাপে বিভিন্ন দলের হয়ে সেমিফাইনাল খেলেছেন এমন চারজনকে নিয়ে গত বুধবার আলাদাভাবে ফিটনেস ট্রেনিংয়ের আয়োজন করেন প্রশিক্ষণ সহকারীরা। সে পরীক্ষায় সঠিকভাবেই উের যান নেইমার। দিন কয়েকের মধ্যেই সতীর্থদের সঙ্গে নিয়মিত অনুশীলনে নামবেন তিনি। তবে তার আগে কয়েকদিন তাকে নিয়ে আলাদাভাবে প্রশিক্ষণ কার্যক্রম করবেন সহকারী কোচেরা। নেইমারের মতোই সাফল্যের সাথে প্রাথমিক মেডিক্যাল টেস্ট উের গেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও। বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কা কাটাতেই হয়তো বান্ধবী আন্তোনিও রোকুজ্জো এবং শিশুপুত্র থিয়াগোকে নিয়ে ইতালিতে বেশ লম্বা এক ছুটি কাটিয়েছেন এই আর্জেন্টাইন। সেখান থেকে কাতালান রাজ্যে ফেরা এই আর্জেন্টাইনও নেইমারের সঙ্গে একই সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, ‘বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন এমন চারজন; লিওনেল মেসি, হ্যাভিয়ের ম্যাশেরানো, ড্যানি আলভেজ এবং নেইমার যারা কিনা (গত) মঙ্গলবার সতীর্থদের সাথেই (হালকা) অনুশীলনে ছিল। তারা সবাই মেডিক্যাল পরীক্ষায় অংশ নিয়েছে।’ বার্সার বিবৃতিতে আরো বলা হয়, ‘তারা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তিন সপ্তাহের কঠোর পরিশ্রমের জন্য তৈরি। আনুষ্ঠানিক ম্যাচ খেলার আগের তিন সপ্তাহ এটা চলবে।’ অনিয়মিত হূদস্পন্দন সমস্যায় ভুগতে থাকা ডিফেন্ডার আদ্রিয়ানো দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গেছে। অন্যদিকে মাঝমাঠের কাণ্ডারি জাভি এবং নবাগত জেরেমি ম্যাথিউ আলাদাভাবে অনুশীলন করেছেন বলে জানিয়েছে ক্লাব সূত্র। সকার ওয়ে ও ওয়েবসাইট।