চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ফন গল :গিগস
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২১:৫৩
ডাচ লুই ফন গল ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দলটিতে ফন গলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেয়া রায়ান গিগসের বিশ্বাস অন্তত তাই। যদিও লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স মত দিয়েছিলেন যে, ইংলিশ লিগটি ফন গলকে চমক হিসেবেই গ্রহণ করবে। তারই জবাবে এমন মত দিলেন ওয়েলশম্যান রায়ান গিগস।
লিভারপুল কোচ গেল সপ্তাহে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ফন গলের ম্যানইউর কাছে ৩-১ গোলে পরাস্ত হয়েছিলেন। ওই খেলাটির পরই কোচ রজার্স বলেছিলেন, আসন্ন লিগে ৬২ বছর বয়সী এই ডাচ কোচকে কঠিন পরীক্ষা দিতে হবে।
ফন গলের হয়ে রজার্সের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন গত মৌসুমেই ক্লাবটি থেকে অবসর নেয়া গিগস। তিনি বিশ্বাস করেন- ফন গল ম্যানইউর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন। ফন গল এখানকার চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত আছেন জানিয়ে গিগস বলেন, ‘তিনি সর্বোচ্চ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে কোচিং করছেন। তাই ম্যানচেস্টার ইউনাইটেডে কোচিং করতে গিয়ে তিনি অসহায়ত্ব বোধ করবেন না।’
গিগস বলেন, ফন গল নিয়মের ব্যাপারে খুবই কঠিন, এটা জেনেও তার আগমনে ম্যানইউর খেলোয়াড়রা ভালভাবেই সাড়া দিয়েছে এবং সব কিছুতেই তার অতিসতর্ক মনোভাবের প্রশংসা পেয়েছে।
এ ব্যাপারে গিগস আরো বলেন, ‘তিনি অতুলনীয় চরিত্রের একজন মানুষ। তিনি প্রথমত ও সর্বাগ্রে একজন নেতা যিনি সম্মান, শৃংখলা ও সত্যিকারের বিস্তারিত একটা কাঠামোয় কাজ করতে চান। এই কাঠামোর মধ্যেই অবশ্যই স্বাধীনতা আছে। তার এই ব্যাপারটা দারুণ। আমি মনে করি- দলের খেলোয়াড়রা নিশ্চিতভাবে এটা উপভোগ করেছে এবং আমিও তাই করছি।’
ফন গলের ব্যাপারে গিগস আরো বলেন, ‘তার কোচিংয়ে সবকিছুই সুবিন্যস্ত এবং সত্যিকার অর্থেই সুবিস্তৃত। আমি মনে করি- খেলোয়াড়রা ইতোমধ্যেই কিছুটা ভিন্ন এ বিষয়গুলো পছন্দ করেছে। সকালের নাস্তা এবং দুপুরের খাবারের সময় ছাড়াও আমরা দলীয় সভা চলাকালে এসব দেখছি। এছাড়া অনুশীলন তো আছেই।’ —গোল ডটকম