কানাইঘাটে ছাত্রশিবির ছাত্রদল সংঘর্ষে আহত ১৫

জেলায় কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আধঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ছাত্রদল নেতা রশিদ আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে গাছবাড়ী আইডিয়াল কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান পরবর্তী স্বাগত মিছিলে এক নবাগত ছাত্রের অংশগ্রহণকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেলের আঘাতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে শিবিরের প্রতিরোধের মুখে ছাত্রদলের নেতাকর্মীরা বাজার ত্যাগ করে। কিন্তু শিবিরের নেতাকর্মীরা বাজারের দোকান পাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ছাত্রদলের কর্মীদের খুঁজতে থাকে। এ সময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।