এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট হচ্ছেন প্রিন্স উইলিয়াম
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২২:৩৭
দাতব্য সংস্থা ইস্ট অ্যাংলিয়ান এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট হচ্ছেন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী দ্য ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। আগামী গ্রীষ্মে তিনি কাজে যোগ দেবেন। গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়। এই অ্যাম্বুলেন্স দিন-রাত উভয় সময়ে চলাচল করে। খবর বিবিসির।
রাজপ্রাসাদের একজন মুখপাত্র জানান, প্রিন্স উইলিয়াম এই কাজে খুবই উত্সাহবোধ করছেন। তিনি আনন্দিত। উইলিয়াম বলেছেন, এর মাধ্যমে সত্যিকারে মানুষের সেবা করতে পারবেন। মানুষের বিপদের সময়টাতে তিনি নিজেকে নিয়োজিত করতে পারবেন। প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিন্স এই দায়িত্ব পালন করলেও রাণী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে যে কোনো দায়িত্ব তাকে পালন করতে হবে এবং জবাবদিহি করতে হবে। দাতব্য সংস্থার প্রধান নির্বাহী প্যাট্রিক পিয়েল জানিয়েছেন, আমরা উত্সাহবোধ করছি এবং এর মাধ্যমে সংস্থার মর্যাদা বৃদ্ধি পাবে।