আখাউড়া স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারতে চাল পরিবহন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও আশুগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২২:৩৮
জেলায় আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে ভারতীয় চাল পরিবহন শুরু হয়েছে। ৫ হাজার মেট্রিক টন চাল পরিবহনের প্রথম দিনে ৩টি কাভার্ড ভ্যানে মোট ৫১ টন চাল পরিবহন করা হয়। আগরতলার কাস্টমস অফিসার দেবেন চক্রবর্তী বাংলাদেশের কাস্টমস অফিসার মো. লুত্ফুর রহমানের কাছ থেকে চাল সংক্রান্ত কাগজপত্র বুঝে নেন।
এর আগে ৫ হাজার মেট্রিক টন ভারতীয় চাল নিয়ে ৫টি জাহাজ গত মঙ্গলবার বিকালে জেলার আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছায়। নৌ-প্রটোকল চুক্তির আওতায় ‘বিশেষ মানবিক কারণে’ বাংলাদেশের ওপর দিয়ে এ চাল পরিবহনে ভারতকে কোনো শুল্ক বা ব্যাংক গ্যারান্টি দিতে হচ্ছে না। তবে বন্দরের ল্যান্ডিং সার্ভিস চার্জ বাবদ পাওয়া যাবে ১ লাখ ৬৫ হাজার টাকা। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা পর্যন্ত চাল পরিবহন করে কাভার্ড ভ্যান ভাড়া হিসেবে পাওয়া যাবে মোট ৩৫ লাখ টাকা।
মেরামতের কারণে সড়ক ও রেলপথ বন্ধ থাকা, দূরত্ব কম ও সময় বাঁচানোর কথা মাথায় রেখে বাংলাদেশের ওপর দিয়ে কলকাতা থেকে আগরতলায় চাল পরিবহনের চিন্তা করে ভারত সরকার। এরপর মোট ১০ হাজার মেট্রিক টন চাল পরিবহনের সম্মতি দেয় বাংলাদেশ। এরই আওতায় নৌপথে আশুগঞ্জ এসে সড়ক পথে আগরতলায় নিতে প্রথমে ৫ হাজার মেট্রিক টন চাল আসলো। সড়ক পথে চাল পরিবহনের দায়িত্ব পাওয়া মো. কবির হোসেন বলেন, আকাশের অবস্থা চিন্তা করে ট্রাকের বদলে কাভার্ড ভ্যানে করে আশুগঞ্জ থেকে আগরতলায় চাল পৌঁছে দেয়া হচ্ছে। একেকটি কাভার্ড ভ্যানে করে ১৭ টন চাল পরিবহন করা হবে।