পুলিশের ওপর হামলা
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৪, ২২:৩৮
সিলেটে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জেলা মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতে গতকাল বৃহস্পতিবার উপস্থিত হয়ে তিনি জামিন প্রার্থনা করেন। মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মো. সাহেদুল করিম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে মহানগর হাকিম প্রথম আদালতে জামিন নামঞ্জুর হওয়ার এক ঘন্টা পর অ্যাডভোকেট জুবায়ের মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত আগামী রবিবার এ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান মহানগর দায়রা জজ আদালতের এপিপি মফুর আলী।
উল্লেখ্য, গত ২২ জুলাই সন্ধ্যার পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর জিন্দাবাজারে মিছিল বের করে শিবির। এই মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পরে শিবির নেতাকর্মীরা ককটেল ফোটাতে ফোটাতে বারুতখানার দিকে চলে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।