ভারতীয় তিন চ্যানেলের অনুষ্ঠান বন্ধে নির্দেশনা চেয়ে রিট

ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে এসব চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে কেন নির্দেশ দেয়া হবে না, সে বিষয়েও রুল জারির আর্জি জানানো হয়েছে। আবেদনে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও আইজিপিকে বিবাদী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী। আবেদনে বলা হয়, ভারতীয় বিভিন্ন চ্যানেল বাংলাদেশে দেখানো হলেও ভারতে বাংলাদেশের কোনো চ্যানেল সম্প্রচার করা হয় না। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতীয় চ্যানেলের অবাধ সম্প্রচারের কারণে দেশের টিভি চ্যানেলগুলো দর্শক হারাচ্ছে। দেশ হারাচ্ছে নিজস্ব সংস্কৃতি। এতে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মধ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। এতে আরো বলা হয়, স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের ‘পাখি’ চরিত্রে অভিনয়কারীর পোশাকে আকৃষ্ট হয়েছে এদেশের নারী ও কিশোরীরা। এবারের ঈদে এই ‘পাখি পোশাক’ কিনতে না পেরে একাধিক কিশোরী আত্মহত্যা করেছে। বাংলাদেশে সব ধরনের ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে গত ৩ আগস্ট সরকারকে উকিল নোটিস দিয়েছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া। নোটিস অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়। কিন্তু সরকার সম্প্রচার বন্ধ না করায় এ রিট দায়ের করা হয়েছে বলে জানান তিনি।