মান্দায় মেলার নামে অশ্লীলতার অভিযোগ
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩৪
নওগাঁর মান্দায় কুশুম্বা ইউপির ঐতিহাসিক বুড়িদহে রথযাত্রার মেলায় ৯ দিনের মেলার অনুমতি নিয়ে গত ৩০ জুলাই থেকে শুরু হয়ে ভ্যারাইটি শো’র নামে সেখানে চলছে অশ্লীলতা। স্থানীয় আওয়ামী লীগ নেতার পুত্রের সহায়তায় চলা এ মেলায় বিভিন্ন নামের ৫টি অপেরার ভ্যারাইটি শো চলছে। এখানে কমপক্ষে ৪০ জন নর্তকীর অশ্লীল নৃত্যসহ ১০টি জুয়ার অবৈধ আসর বসছে।
প্রতিবছর আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে এ রথযাত্রা মেলা শুরু হলেও এ বছর এ সময় মুসলমানদের পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করায় মেলা জমবে না বলে একমাস পিছিয়ে মেলা বসানো হয়েছে বলে জানা গেছে। আর এ সময় এসব অবৈধ কর্মকাণ্ড চালানোর ফলে এলাকায় চুরি, ছিনতাই বেড়ে গেছে। এছাড়া মাইকের উচ্চ শব্দে আশেপাশের শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, কোন জুয়াড়ী গ্রেফতার হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসক এনামুল হকের সাথে সাংবাদিকরা কথা বললে তিনি জানান, ৩০ জুলাই থেকে গতকাল ৭ আগস্ট পর্যন্ত মেলার অনুমতি দেয়া হয়েছে। তবে কোনভাবেই সেখানে উলঙ্গ নৃত্য ও অবৈধ জুয়া, হাউজি চালানোর অনুমতি নেই।