বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নিহত ৮
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩৫
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৮ নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মদনে দুইজনের মৃত্যু
নেত্রকোনার মদন উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ দুইজন মারা গেছে। বাস্তা গ্রামে গত শুক্রবার পুকুরে ডুবে সূর্যিমনি (৫) নামে এক শিশু মারা গেছে। সে তার খেলার সাথীদের নিয়ে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত্যু বলে জানান।
এদিকে, উপজেলার বাগজান গ্রামে গত বৃহস্পতিবার রাতে বিষপানে শিপন (২৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন। সিলেট জেলার জগন্নাথপুর উপজেলার শারপাড়া গ্রামের আমজাদ আলীর পুত্র নেত্রকোণা জেলার মদন উপজেলার বাগজান গ্রামে কাজীর বাপের মেয়ে মদিনাকে আট বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে স্ত্রী এক পুত্র ও এক মেয়ে নিয়ে বসবাস করেন।
মদন থানার ওসি এস, এম মফিজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গোবিন্দগঞ্জে বৃদ্ধার মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধা চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। শহরের বোয়ালিয়া চক্ষু হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় গত বৃহস্পতিবার গভীর রাতে তিনি আহত হন।
চন্দনাইশে গৃহবধূর আত্মহত্যা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামে গতকাল শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে শাহেদা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আরমান হোসেনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কচুয়ায় বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
বাগেরহাটের কচুয়ায় বিশ্বকাপ খেলার আজেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে গতকাল শুক্রবার সকালে জিয়াউর রহমান (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন। আহত অবস্থায় জিয়াউর রহমানকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। সে পেশায় একজন নছিমন চালক।
ইসলামপুরে শিশুর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলার ঘোনাপাড়া গ্রামে গতকাল শুক্রবার সকালে পানিতে ডুবে রবিন (৪) নামে এক শিশু মারা গেছে।
জয়পুরহাটে এক ব্যক্তি নিহত
জয়পুরহাটের কালাই উপজেলার হাতিয়র গ্রামে ভিমরুলের কামড়ে আহত হেলাল নামে এক ব্যক্তি চিকিত্সাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
মঙ্গলবার সকালে হাতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী হেলাল উদ্দীন ও তার ৩ বছরের মেয়ে হুদাইফা আক্তার হ্যাপিকে সাথে নিয়ে বাঁশঝারে বাঁশ কাটতে যায়। এ সময় বাঁশঝারে থাকা ভিমরুলের চাকে নিজের অজান্তে আঘাত লাগলে মুহূর্তেই অসংখ্য ভিমরুল বাবা মেয়েকে আক্রমণ করে হুল ফুটালে তারা দুজনেই অসুস্থ হয়ে পরে। তাদেরকে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হেলাল মারা যায়। মেয়ে হুদাইফা এখনও চিকিত্সাধীন।
জীবননগরে আলমসাধু চালক নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে বৈদ্যনাথপুরে বাসের ধাক্কায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশ মিয়া (৩৫) নামে এক আলমসাধু চালক নিহত ও রুনা আক্তার নামে এক গৃহবধূ আহত হয়েছেন। পলাশকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়।