তিন স্থানে তিন খুন

পৃথক ঘটনায় তিন স্থানে তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। শরণখোলায় ব্যবসায়ীর লাশ উদ্ধার বাগেরহাটের শরণখোলার একটি হোটেল থেকে গতকাল শুক্রবার সকালে মাসুদ আলম (৩৬) নামে নারায়নগঞ্জের এক কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শরণখোলা থানার ওসি কাজী আ. ছালেক জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার টুলিকাদি গ্রামের কাপড় ব্যবসায়ী মাসুদ শরণখোলার রায়েন্দা বাজারের ফরেস্ট গার্ড আবুল কালাম আজাদের কাছে কাপড় ক্রয় বাবদ তিন লাখ ২৩ হাজার টাকা পান। ওই টাকা আদায় করতে তিনি ও তার চাচাতো মামা নূর মোহাম্মদ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে শরণখোলায় আসেন। শরণখোলায় তারা রায়েন্দা বাজারের আল মদিনা (পিংকি) হোটেলের ১৪ নম্বর কক্ষে রাত যাপন করেন। সকালে মামা নূর মোহাম্মদ ঘুম থেকে জাগাতে গিয়ে দেখেন মাসুদ মারা গেছেন। মুন্সীগঞ্জে ফার্মেসী মালিককে গলা কেটে হত্যা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দ্বীপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাত ১১টায় মোফাজ্জল হোসেন (৩৫) নামে ফার্মেসী এক মালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। টঙ্গিবাড়ি থানার সেকেন্ড অফিসার সালাহউদ্দিন জানান, থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পীরগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যা রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশলা গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীসহ শ্বশুর পক্ষের লোকজনের নির্যাতনে অদিতি রাণী নামে এক গৃহবধূ মারা গেছেন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সেনড়া গ্রামের মনোরঞ্জন চন্দ্রের মেয়ে অদিতি রানীর সাথে পীরগঞ্জ উপজেলার জীবন চন্দ্রের সাথে ৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি দেখা দেয়। প্রায়ই শ্বশুর বাড়ির লোকজন অদিতিকে নির্যাতন করতো। ঘটনার দিন নির্যাতনের একপর্যায় অতিথি বিকালে মারা যান। অদিতি রানীর বাবার বাড়িতে খবর না দিয়ে লাশ সত্কারের চেষ্টা চালায়। প্রতিবেশির মাধ্যমে অদিতির বাবা খবর পেয়ে পীরগঞ্জ থানায় অভিযোগ করেন। পীরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, বাবা মনোরঞ্জন চন্দ্র ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।