খাসজমির বন্দোবস্ত পাচ্ছে ১৩শ’ ভূমিহীন পরিবার

দীর্ঘ ২২ বছরের আন্দোলন-সংগ্রামের সুফল হিসেবে খাসজমির স্থায়ী বন্দোবস্তের দলিল পেতে যাচ্ছে পাবনা চাটমোহর উপজেলার বহুল আলোচিত বিলকুড়ালিয়ার ১ হাজার ৩১৩টি ভূমিহীন পরিবার। যাদের মধ্যে ১৮০টি স্বামী পরিত্যক্তা ও বিধবা পরিবার রয়েছে। জুলাই মাসে চাটমোহর উপজেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটি কর্তৃক ভূমিহীন পরিবারগুলোর খাসজমির দরখাস্ত অনুমোদিত হয়ে বর্তমানে জেলা প্রশাসকের কাছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১৯৯২ সালের ১০ ডিসেম্বর বিলকুড়ালিয়ার ৩৭০ একর খাসজমি লাল পতাকা উড়িয়ে বিলপাড়ের ১৫টি গ্রামের ভূমিহীন নারী-পুরুষ ভূমিগ্রাসীদের কবল থেকে দখল করে নেয়। সেই থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নানা চড়াই-উত্রাই পেরিয়ে ভূমিগ্রাসীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একসনা লীজ নিয়ে চাষাবাদ করে আসছে ভূমিহীনরা। প্রায় প্রতিবছর এই খাসজমি থেকে ২৫ হাজার মণ ধান উত্পাদন করে নিজেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। একসময় অর্ধাহারে অনাহারে থাকা ভূমিহীনরা আজ তিনবেলা খেতে পারছেন। খাসজমি আন্দোলনের পুরোধা কেএম আতাউর রহমান রানা বলেন, দীর্ঘ ২২ বছর পর ভূমিহীনরা এক খণ্ড জমির স্বপ্ন দেখছে।