সাবেক হুইপ জামালসহ ২১ জনের জামিন বাতিল
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২০:৪৬
বানারীপাড়ায় রিলিফের চাল আত্মসাত্
বানারীপাড়ায় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হতদরিদ্রদের জন্য বরাদ্দের সাড়ে ৩শ মে.টন রিলিফের চাল আত্মসাতের ঘটনায় দুদকের দায়েরকৃত ২০ মামলায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালসহ ২১ আসামির জামিন বাতিল করেছেন আদালত। গত বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আল আজাদ ওই জামিন বাতিল করেন।
২০০৯ সালের ২৫ জুন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আঃ রহিম জোয়ার্দার বাদী হয়ে রিলিফের চাল আত্মসাতের অভিযোগে ২১ জনকে আসামি করে বানারীপাড়া থানায় পৃথক ২০টি মামলা দায়ের করেন। ২০টি মামলায় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে ২ নম্বর আসামি করে ২০১২ সালের ১ আগষ্ট আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরে ওই ২০ মামলায় শহীদুল হক জামালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেন। বৃহস্পতিবার ওই মামলার ধার্য তারিখে তার অনুপস্থিতিতে বিচারক সকল আসামির জামিন বাতিল করেন।
জামিন বাতিল হওয়া অপর আসামিরা হলেন বারেক মৃধা, সুকুমার বৈরাগী, মনোজ কুমার বিশ্বাস, শারমিন জাকিয়া, আলেয়া বেগম, শিরিন বেগম, আতিকুর রহমান, জাহানারা বেগম, আঃ রশিদ হাওলাদার, নিরোধ বিহারী, খাদিজা বেগম, মোঃ দুলাল, পরিতোষ মিস্ত্রি, শফিকুর রহমান সুমন, আঃ রহমান ফরাজী, নুরুল হক কালু, ইদ্রিস আলী সরদার, নজরুল ইসলাম বারেক, আলতাফ হোসেন ও জাকির হোসেন। আসামিরা বিএনপি সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বার।