রাজবাড়ী-ফরিদপুর রুটে দেড় যুগ পর আবার ট্রেন চলাচল শুরু
রাজবাড়ী ও ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২০:৪৭
বন্ধ থাকার প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার সকালে রাজবাড়ী-ফরিদপুর রেললাইনে পরীক্ষামূলকভাবে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এতদিন পর ফের রেল চলাচল শুরু হওয়ায় আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দুই জেলার মানুষের মাঝে।
বেলা ১১ টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে ঐ ট্রেন চলাচল উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। প্রাথমিকভাবে ফরিদপুর এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন এই রুটে যাত্রী ও মালামাল পরিবহনের কাজ করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রাজবাড়ী রেলওয়ের কর্মকর্তারা জানান, অলাভজনক রুট হিসেবে ১৯৯৮ সালের ১৫ মার্চ তত্কালীন সরকার রাজবাড়ী-ফরিদপুর রেল রুট বন্ধ করে দেয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হওয়া ৩০ কিলোমিটার দীর্ঘ ওই রুটটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করে। চলতি মাসের ২২ আগস্টের পর আনুষ্ঠানিকভাবে এ রুটে ট্রেন চলাচল শুরু হবে।