উড়িষ্যায় বন্যায় ৩৫ জনের প্রাণহানি

ভারতের উড়িষ্যায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্রায় ১৮ লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসলেও মহানদী, দেবি ও বৈতরণী নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্যের ভাদ্রাক ও জয়পুর জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনার পিকে মহাপাত্র জানান, এ পর্যন্ত বন্যায় রাজ্যের ২৩ জেলার তিন হাজার ৯৯০টি গ্রামের প্রায় ১৭ লাখ ৮০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাপাত্র বলেন, মহানদী নদীর পানি বিভিন্ন স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এতে ব্যাপক ক্ষতির কোন হুমকি নেই। এদিকে হিরাকুদ নদে পানির প্রবাহ হ্রাস পেয়েছে। মুদুলিতে মহানদীর পানির প্রবাহ কমে ১২ লাখ কিউসেক থেকে ১১ লাখ কিউসেকে দাঁড়িয়েছে।