যুদ্ধবিরতির পর লেবানন থেকে সরে গেছে বিদ্রোহীরা

লেবাননের সীমান্তবর্তী আরসাল শহর থেকে সিরীয় ইসলামি জঙ্গিদের প্রত্যাহার করে নেয়া হয়েছে। সপ্তাহজুড়ে সিরীয় বিদ্রোহী ও লেবাননী সেনাদের মধ্যে সংঘর্ষ চলতে থাকায় সুন্নি মুসলিম ধর্মীয় নেতাদের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এরপরই বৃহস্পতিবার সিরীয় বিদ্রোহীদের পক্ষ থেকে ঐ উদ্যোগ নেয়া হলো। এদিকে জঙ্গিদের পুরোপরি সরিয়ে নেয়া হয়েছে কি না সেটি তদারকি করতে আরসাল শহরে আরো ১২,০০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে লেবানন সরকার। ওদিকে আল নুসরা ফ্রন্ট ও আইএসআইএস হিসেবে পরিচিত ইসলামিক স্টেট গ্রুপ আরসাল শহর দখলে নিলে গত শনিবার থেকে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে লড়াই শুরু হয়। সিরিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এই প্রথমবারের মত সিরীয় বিদ্রোহীদের অনুপ্রবেশের ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যকার সংঘর্ষে ১৭ জন লেবাননী সৈন্য নিহত হয়েছে এবং ১৯ সেনাকে আটক করেছে জঙ্গিরা। এদের মধ্যে গত বুধবার ৩ সৈন্য ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ৬ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে বিদ্রোহীরা। এছাড়া ঐ শহরে কর্মরত এক সিরীয় চিকিত্সক জানিয়েছেন, সাম্প্রতিক এ দাঙ্গায় মোট ৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মুসলিম নেতারা জানিয়েছেন, আটক সেনাদের মুক্তির বিষয়ে বিদ্রোহীদের সাথে তারা আলোচনা চালিয়ে যাবে।