কূটনীতিক, রাজনীতিক ও পেশাজীবীদের সম্মানে এরশাদের ইফতার

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং স্থানীয় রাজনীতিক ও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ওয়েষ্টিন হোটেলে আয়োজিত এই ইফতারে হুইল চেয়ারে বসা ছিলেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এরশাদ।

ইফতারের আগে আগত অতিথিদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, মাহে রমজানের পবিত্রতায় সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। মাহে রমজানের শিক্ষায় আমাদের জীবন আরো উন্নত ও সমৃদ্ধ হোক। জার্মানীর রাষ্ট্রদূত পিটার ফারহেন হোল্ড, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বুরদিন, ভুটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাগবি, ওমানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তাবিদ সেলিম আব্দুল্লাহ আল আলাই, ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ্বজিত্ দে, চীন ও কাতারের রাষ্ট্রদূত, আফগানিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স প্রমুখ ইফতারে অংশ নেন।

রাজনীতিকদের মধ্যে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন এরশাদের ইফতারে।