বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানিতে আগ্রহী দ. আফ্রিকা
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২১:২৮
বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, গণিতবিদসহ দক্ষ জনশক্তি আমদানির আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় এক লাখ দক্ষ জনবল দক্ষিণ আফ্রিকায় কাজ করছে। বাংলাদেশের সমবর্তী দায়িত্বে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার জিওফ্রে কুইনটন ডয়িজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। শিল্প মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্পখাতে দ্বিপক্ষীয় সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দক্ষিণ আফ্রিকায় তৈরি পোশাকখাতে বাংলাদেশি জনশক্তি বিনিয়োগ, বাংলাদেশ থেকে অধিক পরিমাণে তৈরি পোশাক আমদানিসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়। দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার বিগত দু’বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা অব্যাহত রেখে বাংলাদেশ সহজেই মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির জন্য শিল্পমন্ত্রীর প্রস্তাবকে ইতিবাচক হিসাবে উল্লেখ করেন। -তথ্য বিবরণী