বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, স্মৃতিচারণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসূফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপির আন্দোলন মিডিয়াতেই সীমাবদ্ধ। তাদের আন্দোলন এখন মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। তাই এ আন্দোলন নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেছাসেবকলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ বঙ্গমাতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে বেগম ফজিলাতুন্নেছাকে ঘাতকচক্র হত্যা করে।