গোল্ডেন বুট নিলেন রড্রিগেজ
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২১:৫৭
কলম্বিয়ান তারকা স্ট্রাইকার জেমস (হামেস) রড্রিগেজ ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেলেও পুরস্কারটির পৃষ্ঠপোষক অ্যাডিডাস গত শুক্রবার তা খেলোয়াড়টির হাতে তুলে দেয়। তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া খেলোয়াড়টি জানিয়েছেন, আপাতত তার লক্ষ্য স্প্যানিশ জায়ান্টদের নিয়মিত একাদশে ঠাঁই পাওয়া।
রড্রিগেজ ব্রাজিল বিশ্বকাপে ছয় গোল করার সুবাদে পুরস্কারটি জেতেন। এরপর ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা ও অ্যাডিডাসের যৌথ আয়োজনে মাদ্রিদে এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হয় পুরস্কারটি। পুরস্কার পাওয়ার পর এই তারকা খেলোয়াড় টুইটারে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে বলেন, ‘এই গোলগুলো আমার স্মৃতিতে থাকবে। আমি এটা জিতবো বলে আশা করছিলাম। এমন কিছু জিতবো বলে সবসময় স্বপ্ন দেখছিলাম।’
তিনি আরো বলেন,‘আমার আশা আরো বড়। তবে সবার আগে আমাকে ভালভাবে অনুশীলন করে দলে জায়গা নিশ্চিত করতে হবে। পাঁচ ম্যাচ থেকে ছয়টি গোল করা ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার পাঁচ গোল করা জার্মানির থমাস মুলার এবং চার গোল করা ব্রাজিলের নেইমারকে পেছনে ফেলে ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার তালিকায় সবার উপরে থাকেন। রড্রিগেজের এই অর্জনে উরুগুয়ের বিপক্ষে ভলি থেকে করা দুর্দান্ত একটি গোলও রয়েছে, যা কি-না ভোটের মাধ্যমে এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা গোল নির্বাচিত হয়েছে। তবে পুরস্কারটি গ্রহণের পর ফিফা ডকটমকে রড্রিগেজ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বলবো জাপানের বিপক্ষে করা গোলটি ছিল আমার অধিকতর পছন্দের।’
তার নাম এখন গোল্ডেন বুট জয়ী তারকাদের কাতারে তালিকাবদ্ধ করা হয়েছে। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির মুলার, ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে মুলারের স্বদেশি মিরোস্লাভ ক্লোসা এবং ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে ব্রাজিলের রোনালদো গোল্ডেন বুট পুরস্কার জিতেন।
বিশ্বকাপে নৈপুণ্য দেখানোর পর চলতি মৌসুমে মোনাকো থেকে সাত কোটি ১০ লাখ ইউরো মূল্যে ছয় বছরের জন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে নাম লেখান রড্রিজেগ। এনভিগাডোতে ক্যারিয়ার শুরুর পর তিনি ব্যানফিল্ড ও পোর্তো হয়ে মোনাকোতে এসেছিলেন।
উল্লেখ্য, তার নৈপুণ্যেই মূলত কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে উঠে। যদিও শেষ আটের খেলায় স্বাগতিক ব্রাজিলের কাছে ১-২ গোলে হেরে যায় রড্রিগেজের দল। —ফিফা ডটকম/বিসিসি।