হকি সিরিজ জিতলো ভারত
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২১:৫৯
আগের খেলায় লড়াই চালিয়ে হারলেও সাভারের বিকেএসপিতে গতকাল শুক্রবার ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের হকি সিরিজের দ্বিতীয়টিতে পুরোপুরি বিধ্বস্ত হলো বাংলাদেশ দল। এমনকি আগে গোল দিয়েও ১-৫ গোলের হার হজম করতে হয় তাদের। তাতে এক ম্যাচ থাকতেই আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতির জন্য আয়োজিত সিরিজটি জিতে নিল ভারতীয় হকি দল।
বাংলাদেশ দলের কোচ নাভিদ আলম অবশ্য টানা দ্বিতীয় হারের পরও এই প্রস্তুতি ম্যাচগুলোতে জয়-পরাজয়কে বড় করে দেখতে রাজি নন। তিনি বরং এসব ম্যাচ দেখে নিজেদের ঘাটতিগুলো কাটিয়ে ওঠার ব্যাপারেই তাগিদ দেন।
স্বাগতিক দল প্রথমবারের মতো আয়োজিত এই সিরিজের প্রথম খেলায় ২-১ গোলে পরাজিত হয়েছিল। সেদিন ভারতীয় হকি দলের কোচ খন্দকার তুষার বলেছিলেন, ‘আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। আমাদের আরো উন্নতি করার আছে। গতকাল কোচের সেই কথারই প্রমাণ দিলেন ভারতীয় খেলোয়াড়রা বাংলাদেশকে ৫-১ গোলে হারিয়ে।
কোচ নাভিদ বলেন, ‘আমাদের রক্ষণভাগ হাস্যকর সব ভুল করেছে। সেই ভুলগুলো আমাদের পেছনে ফেলে দিয়েছে, যেখান থেকে আমরা আর বেরুতে পারিনি। ৬০ মিনিটের খেলায় বাংলাদেশ দল ৫/৭ মিনিটেই খেই হারিয়ে ফেলে। আর সেই সময়টাই হারের মূল কারণ। অনেক জায়গাতে আমাদের উন্নতি করতে হবে। বিশেষ করে রক্ষণ ও আক্রমণভাগে আমাদের আরো উন্নতি করতে হবে। হকির অনুশীলন শুরুর পর থেকে আমরা ফিজিক্যাল ট্রেনিং করে যাচ্ছি। এখনও প্রস্তুতি নিয়ে কাজ করা হয়নি। তবে এই প্রীতি ম্যাচের মাধ্যমে আমাদের ঘাটতিগুলো কাটিয়ে তোলার সুযোগ হয়েছে।’
ভারতীয় হকি দলের কোচ বলেন, ‘আমি আমার ছেলেদের খেলায় ততটা খুশি না। তবে প্রথম ম্যাচের তুলনায় আজ আমাদের অনেক উন্নতি হয়েছে। আমাদের আরো উন্নতি করতে হবে। আজও আমাদের কিছু ভুল হয়েছে। সিরিজের শেষ ম্যাচে সেই ভুলগুলো শুধরিয়ে নিয়ে আমরা আরো ভাল খেলতে চাই।’
জাতীয় দলের ডিফেন্ডার সাব্বির হোসেন রানা প্রথম ম্যাচে ইনজুরির কবলে পড়েন। গতকাল তার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে হকি দল। সেটা কোচ নাভিদ আলমের কথায়ও ফুটে উঠে।
গতকাল বিকালে অনুষ্ঠিত খেলাটিতে সপ্তম মিনিটে মঈনুল ইসলাম কৌশিকের পাস থেকে বল পেয়ে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন হাসান জুবায়ের নিলয়। কিন্তু তিন মিনিটের মধ্যেই হারজিত্ সিংয়ের গোলে সমতা ফেরায় ভারত। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুবরাজ ওয়ালমিকি। প্রথম ১৫ মিনিটের বিরতি শেষে আরো আক্রমণাত্মক হয় ভারত। এরপর ২০ মিনিটে এস.কে উথাপ্পা, ২৪ মিনিটে ম্যাচ সেরা দেবিন্দার সুনিল ওয়ালমিকি এবং ৩২ মিনিটে ইউসুফ আফফান আরো তিন গোল দেন।
স্বাগতিক গোলরক্ষক অসিম গোপ ৫৬ মিনিটে ওয়ালমিকির শট ফিরিয়ে না দিলে ব্যবধান আরো বাড়তো। আবার পরের মিনিটেই রাব্বি সালেহিন রকি ভারতের পোস্ট ফাঁকা পেয়েও শট নিতে দেরি করায় ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।