মৌসুম শেষে অবসরে যাচ্ছেন ডনোভান

পেশাদার ফুটবল থেকে অবসরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভান। ব্রাজিল বিশ্বকাপে জাতীয় দল থেকে বাদ পড়া যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেজর লীগ সকারের (এমএলএস) মৌসুম শেষে অবসরে যাবেন বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন। ডনোভান বলেন, ‘অত্যন্ত সতর্কভাবে চিন্তা-ভাবনা করে এবং আমার ঘনিষ্টজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে একজন পেশার ফুটবলার হিসেবে এটাই হবে আমার শেষ বছর।’ আমেরিকার সেরা ফুটবলারদের মধ্যে একজন ডনোভান। যুক্তরাষ্ট্র জাতীয় দলের পক্ষে সর্বকালের সর্বোচ্চ ৫৭ গোল করা ছাড়াও রেকর্ড আরো ৫৮ গোলে সহায়তা করেছেন তিনি। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ ১৫৬ ম্যাচ খেলার রেকর্ডটিও ডনোভানের। যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ জারগেন ক্লিন্সম্যান বিস্ময়করভাবে বিশ্বকাপ দল থেকে বাদ দেন ডনোভানকে। নিজের ক্যারিয়ার নিয়ে ডনোভান বলেন, ‘লা গ্যালাক্সি স্যান জোসে আর্থকুয়েকস, ইউএস সকার এবং মেজর লীগ সকারের প্রতিনিধিত্ব করা অন্য যে কোনো কিছুর চেয়ে আমার কাছে ছিল স্বপ্নের মত। এই সুন্দর ক্যারিয়ারে যারা আমাকে উদ্দীপনা দিয়েছে, পরিচালিত করেছে এবং সাহায্য করেছে তাদের সকলকে ধন্যবাদ। আমার খেলোয়াড়ি জীবনে আমি যতটুকুই করেছি আমার পরিবার, বন্ধু-বান্ধব এবং অনেকের সাহায্য না পেলে সেটা করা সম্ভব হতো না।’ মেজর লীগ সকারেও সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে ফুটবল থেকে বিদায় নিচ্ছেন ডনোভান। এ পর্যন্ত ৩২০ ম্যাচে ১৩৮ গোল করেছেন তিনি। লস এ্যাঞ্জেলসের ক্লাব স্যান জোসে আর্থকুয়েকসের হয়ে ২০০১, ২০০৩, ২০০৫, ২০১১ ২০১২ সালে মোট পাঁচবার এমএলএস কাপের শিরোপা জয় করেন।