খালেদাই বিএনপির বারোটা বাজিয়েছেন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই তার দলের বারোটা বাজিয়েছেন। কারণ নির্বাচন ছাড়া দল গোছানো যায়, কিন্তু ক্ষমতায় যাওয়া যায় না। গতকাল শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, খালেদা জিয়া ছাড়া বিএনপির কোন নেতাকর্মীই এখন আন্দোলন চান না। আর ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনও নির্বাচিত সরকারের অধীনে হবে। ভারতেও তো নির্বাচিত কংগ্রেস সরকারের অধীনে নির্বাচন করে বিজেপি সরকার গঠন করেছে। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি কেন নির্বাচনের ট্রেন মিস করলেন, আবার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির অন্য নেতাদের উপর দোষ চাপাচ্ছেন? আপনি নিজেই তো ঐতিহাসিক ভুল করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন, ঈদের পর আন্দোলন করবেন। কিন্তু কোন ঈদের পর করবেন এটা বলেননি। ঈদ বাংলাদেশে আরো আসবে কিন্তু খালেদা জিয়ার ঈদ আর আসবে না। কারণ ঘোষণা দিয়ে আন্দোলন হয় না। সামনেও আন্দোলনের হুমকি কোনও কাজে আসবে না। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, প্রেসিডিয়াম সদস্য মিজানুল ইসলাম মিজু, রফিকুল ইসলাম, ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ। আলোচনা শেষে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।