কয়েকদিনের মধ্যেই আন্দোলনের ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আন্দোলনের ঘোষণা দেবেন। সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করতে আপনারা এ ডাকে সাড়া দিয়ে আন্দোলন তীব্রতর করুন। নারায়ণগঞ্জে সোনারগাঁও বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার উপজেলায় শিল্পনগরীর মেঘনা ঘাটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্ষমতাসীন দলের সমালোচনা করে তিনি বলেন, বিগত দিনে আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে। দেশে খুন, গুম, অপহরণ নিত্যদিনের ঘটনা। দেশের মানুষের অধিকারহরণ করা হয়েছে। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাদ দিয়ে ৫ জানুয়ারির নির্বাচন করেছে। এসব কারণেই বিএনপি চেয়ারপার্সন দেশের মানুষকে বাঁচাতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলনের ডাক দেবেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হওয়া কিংবা ক্ষমতায় যেতে চেয়ারপার্সন এ আন্দোলনের ডাক দিচ্ছেন না। সরকারের পতন ঘটাতে, হত্যা-গুম-অপহরণের প্রতিবাদে, নিজেদের অধিকার রক্ষায় এ আন্দোলন-সংগ্রাম লড়াই করতে হবে। সম্প্রচার নীতিমালা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সম্প্রচার নীতিমালা করে মিডিয়ার কণ্ঠরোধ করতে চাচ্ছে সরকার। এ সরকার সব কিছুর টুটি চেপে ধরতে চাচ্ছে। এ জন্য সবাইকে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর। বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেল প্রমুখ।