আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৪, ২২:৪৭
আজ ৯ আগস্ট ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’। দিবসটি উপলক্ষে আদিবাসী ও মানবাধিকার সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর বিশ্বের ৯০টি দেশের প্রায় ৪০ কোটিরও অধিক আদিবাসী জনগণের মধ্যে বাংলাদেশের ৩০ লাখ আদিবাসী জনগণও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করবে। জাতিসংঘ কর্তৃক এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় মুক্তিকামী জনতার সেতুবন্ধন’।
দিবসটি উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে— ‘আদিবাসীদের জীবনধারা, তাদের মৌলিক অধিকার ও মানবাধিকার, আদিবাসী জাতিসমূহের ভাষা ও সংস্কৃতি তথা আত্ম-নিয়ন্ত্রণাধিকার সম্পর্কে সদস্যরাষ্ট্র জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সম্প্রদায়, নাগরিক সমাজ, গণমাধ্যম, আদিবাসী জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করে তোলা এবং আদিবাসী মানুষের অধিকারের প্রতি সমর্থন বৃদ্ধি করা।
কর্মসূচিঃ
বাংলাদেশ আদিবাসী ফোরাম : আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান, সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায়, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ৯ ও ১০ আগস্ট বাংলা একাডেমিতে আদিবাসী মেলা অনুষ্ঠিত হবে। ১০ আগস্ট রবিবার সকাল ১১ টায়, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ আগস্ট সোমবার, বিকাল ৩টায় কাপেন ফাউন্ডেশনের উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের মূল অডিটরিয়ামে ‘দ্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক এবং বাংলাদেশের অদিবাসীদের পরিস্থিতি’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ আদিবাসী সাংস্কৃতিক ফোরামের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আদিবাসী দিবস উদযাপন করা হবে।