শার্টে ৪ কেজি স্বর্ণ!

শিক্ষাগত যোগ্যতায় তিনি স্কুলের গন্ডি পার হতে পারেননি। ৮ম শ্রেণীর পর তার আর পড়ালেখা হয়নি। তাই বলে তার পরিচিতি কিন্তু কম নয়। গার্মেন্টস ব্যবসা তাকে অনেক উপরে তুলে নিয়ে গেছে। আর সমপ্রতি তিনি হয়ে উঠছেন ভারতের মহারাষ্ট্রের একজন আলোচিত রাজনীতিবিদ। কারণ তার গায়ের শার্টটিতে আছে চার কেজি স্বর্ণ। মূল্য মাত্র দেড় কোটি টাকারও বেশি! নাম তার পঙ্কজ প্রকাশ। শারদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা তিনি। মহারাষ্ট্রের ইয়োলা সিটি করপোরেশনের একজন সদস্যও তিনি। অনেকে নিজের সম্পত্তির কিংবা নিজের দামী কোনো জিনিসের খবর গণমাধ্যমে কিংবা সাধারণ মানুষকে সহজে জানাতে চান না। কিন্তু পঙ্কজ সেটা করেননি। বরং তিনি আগেভাগেই সেটি প্রকাশ করেছেন। শুক্রবার (গতকাল) তার ৪৫ তম জন্মদিনে একটি শার্ট পরবেন যাতে ৪ কেজি স্বর্ণ থাকবে। পঙ্কজ জানান, তার জন্মদিনে মন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই তার স্বর্ণের প্রতি আগ্রহ ছিল। এটি তৈরি করতে ২০ জন শিল্পী দুই মাস ধরে কাজ করছেন। ৩ হাজার ২শত ঘন্টা সময় ব্যয় হয়েছে শার্টটি তৈরিতে। আর এর বিস্তারিত তিনি আয়কর বিভাগকেও জানিয়েছেন!-এনডিটিভি