বছরের দ্বিতীয় সুপারমুন দেখা যাবে কাল

আগামীকাল রবিবার রাতে বছরের দ্বিতীয় সুপারমুন দেখা যাবে। এ রাতে চাঁদ তার স্বাভাবিক কক্ষ পথ থেকে কিছুটা বেরিয়ে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। পৃথিবী থেকে তখন চাঁদের দূরত্ব কমে আসে। চাঁদ আকারে বড় দেখায় এবং ঔজ্জ্বল্যও বেশি হয়। জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, ওইদিন চাঁদ পৃথিবী থেকে তিন লাখ ৫৬ হাজার ৮৯৬ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। তবে চাঁদের এ আকার খুব অল্প সময়ের জন্য দেখা যায়। এর আগে গত জুলাইয়ে বছরের প্রথম সুপারমুন দেখা গিয়েছিল। আগামী ৯ সেপ্টেম্বর আবারও তা দেখা যাবে। তবে ভূ-পৃষ্ঠে সুপারমুনের প্রভাব খুবই সামান্য বলে জানিয়েছেন নাসা’র বিজ্ঞানী জেমস গারভিন। ৯ সেপ্টেম্বরের পর সুপারমুন দেখতে বিশ্ববাসীকে আরও একবছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর চাঁদ পৃথিবীর আরও কাছাকাছি অবস্থান করবে। সে সময় এর দূরত্ব হবে তিন লাখ ৫৬ হাজার ৮৭৭ কিলোমিটার। পরবর্তী বছর অর্থাত্ ২০১৬ সালে পৃথিবীর আরও কাছে চলে আসবে চাঁদ। ওই বছরের ১৪ নভেম্বরের সুপারমুনে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে তিন লাখ ৫৬ হাজার ৫০৯ কিলোমিটার। এর ১৮ বছর পর অর্থাত্ ২০৩৪ সালের ২৫ নভেম্বর চাঁদ পৃথিবীর আরও কাছাকাছি অবস্থান করবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।