খোঁজ মেলেনি পিনাকের ৪০ লাশ উদ্ধার

ডুবে যাওয়া পিনাক-৬ এর খোঁজে দেশের বিভিন্নস্থান থেকে আসা উচ্চ ক্ষমতা সম্পন্ন জাহাজগুলো অনুসন্ধান চালাচ্ছে পদ্মায়। তবে এখনো পর্যন্ত কোন সুখবর মেলেনি। এদিকে, ভাটির বিভিন্ন নদীতে ভেসে উঠছে যাত্রীদের লাশ। গতকাল শুক্রবার আরও ৪টি লাশ উদ্ধার হয়েছে। এই নিয়ে উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ৪০। দীর্ঘ ৫ দিনেও লঞ্চের অবস্থান নিশ্চিত করতে না পারায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্বজনহারা পরিবারগুলো। স্বজনদের খোঁজ করছে তারা নানা স্থানে। ৪০টি লাশের মধ্যে ২৩ জনের পরিচয় নিশ্চিত হওয়ায় তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৭টি লাশ মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পে রাখা হয়। সেখান থেকে পচে যাওয়া ১২টি লাশ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। বাকি ৫টি লাশ ওই প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পে আছে। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। জামা-কাপড় দেখে কোন রকমে সেগুলো সনাক্ত করা হচ্ছে। স্বজনরা লাশ সনাক্তের জন্য ডিএনএ টেস্টের দাবি করেছেন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেছেন, লঞ্চ উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে। তাদের তালিকায় এখন পর্যন্ত ১২৬ জন নিখোঁজ রয়েছে। লঞ্চ উদ্ধারে বিলম্বের কারণ সম্পর্কে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার জানান, দুর্ঘটনাস্থলে প্রবল ঘূর্ণি স্রোত রয়েছে। সেখানে পানির গভীরতা প্রায় ৮০ থেকে ৯০ ফুট। প্রচণ্ড ঘূর্ণি স্রোতের কারণে সেখানে গর্ত হচ্ছে আবার পুনরায় বালু জমা হচ্ছে। তাই লঞ্চটি স্রোতের তোড়ে দূরে সরে বালুর নিচে চাপা পরে থাকতে পারে। তাই সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। হস্তান্তরকৃত লাশের পরিচয় মাওয়া ঘাটে পুলিশের স্থাপিত সাব-কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী হস্তান্তর হয়েছে ২৩টি লাশ। এর মধ্যে গতকাল ৫টি লাশের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বরিশাল থেকে উদ্ধার মাদারীপুরের উত্তর বাঘরকান্দি গ্রামের তারা মিয়ার ছেলে নূর আলম (১৪), শরিয়তপুর থেকে উদ্ধার বড়দিয়া গ্রামের ইমদাদ হোসেনের মেয়ে মেরী (৪০), ভোলা থেকে উদ্ধার নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর কাসিপুরের আলী জব্বরের মেয়ে জাহানারা বেগম (৪৫), ভোলা থেকে উদ্ধার বরিশালের গৌরনদীর ভুয়াকাঠির আব্দুল রশিদের ছেলে আল আমিন (২৫), ভোলা থেকে উদ্ধার লক্ষ্মীপুরের কমল নগরের চর পাগলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে কাজী আনোয়ারুল (৬৫)। উত্সুক জনতার ভিড় মাওয়া ঘাটে লঞ্চ দুর্ঘটনাস্থলে উত্সুক জনতার ভিড় বাড়ছেই। কমছে স্বজনহারাদের ভিড়। গতকাল সরেজমিনে মাওয়া ঘাট ঘুরে দেখা গেছে উদ্ধারকারী সংস্থাগুলো পদ্মায় লঞ্চটি শনাক্ত করতে অনুসন্ধান চালাচ্ছে। এসব দেখতে কিছু কিছু লোক মাওয়া ঘাটে জড়ো হচ্ছে। দুপুরের পরে উত্সুক এ জনতার ভিড় বাড়তে থাকে। বিকালে তা অনেক বেড়ে যায়। আশাবাদী নৌ পরিবহনমন্ত্রী নৌমন্ত্রী শাজাহান খান বিকাল সাড়ে ৬টায় মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে বলেন, প্রযুক্তির মাধ্যমে মাটির তলদেশে ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা সার্চ করা হবে। প্রায় ৫ কিলোমিটার এলাকা সার্চ করা হয়েছে। এখন নতুন জায়গায় অনুসন্ধান চলবে। পদ্মায় প্রচণ্ড ঘূর্ণি স্রোতে লঞ্চটি অনেক দূরে ভেসে যেতে পারে। তিনি বলেন, নদীর তলদেশে কোথাও গভীরতা বেশি আবার কোথাও কম। এর ফলে লঞ্চটি কোথাও চাপা পড়তে পারে। উদ্ধার তত্পরতায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত অনুসন্ধান চলতে থাকবে। জরিপ ১০ দুর্ঘটনার দ্বিতীয় দিনে রওয়ানা দিয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তা আবার ফেরত যায়। পরে ঝুঁকি নিয়ে এটি ঘটনাস্থলে আসে। এছাড়া আরও ৫টি জাহাজ অনুসন্ধান চালাচ্ছে। তিনি আরও বলেন জরিপ ১০-এর অভিযান এখনও ব্যর্থ হয়নি। তাই লঞ্চটি শনাক্তের ব্যাপারে আমি আশাবাদী। তিনি বলেন, মালয়েশিয়ায় যে প্রযুক্তিতে বিমানটি খোঁজা হয়েছিল সেই একই প্রযুক্তিতে লঞ্চটি খোঁজা হচ্ছে। আমি আশাবাদী লঞ্চটি অবশ্যই পাওয়া যাবে। ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে আরও অনেক বেশি দুর্ঘটনা ঘটেছে । এখন তা অনেক কমে এসেছে। হিরো হতে গিয়ে গ্রেফতার গতকাল দুপুরে মাওয়া ঘাটে হাউমাউ করে কাঁদতে থাকে এক ব্যক্তি। তার কান্না দেখে ঘাটে থাকা সাংবাদিকসহ প্রশাসনের লোকজন এগিয়ে আসে। এ সময় সে নিজেকে দাবি করে পিনাক-৬ থেকে বেঁচে ফিরেছেন, নাম সারোয়ার (২৮)। তার বাবার নাম মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর গ্রামের লুত্ফর রহমান । উদ্ধার হবার পর বাড়ি না ফিরে গত ৫ দিন ধরে খুঁজে ফিরছে নিখোঁজ ভাই ভাবীকে। তার কান্না দেখে লোকজন তাকে সাব কন্ট্রোল রুমে নিয়ে যায়। পরে নৌ-বাহিনীর সদস্যরা তাকে জাহাজে করে পদ্মার দুর্ঘটনাস্থলে নিয়ে উদ্ধার তত্পরতা চালানোর চেষ্টা চালায়। এ সময় তার কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়। বেড়িয়ে আসে আসল কাহিনী। মাওয়া পুলিশের সাব কন্ট্রোল রুমের ইনচার্জ শ্রীনগর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, তার চেহারা দেখে মনে হয়নি সে গত পাঁচ দিন ধরে না খেয়ে ঘুরে ফিরছে। ছিল ক্লিন সেভ। জেরার মুখে সে স্বীকার করে কিছু অর্থের লোভে কয়েক জনের শিখিয়ে দেয়া কথা অনুযায়ী এ নাটক করেছে। সে অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এই প্রতারক মাদারীপুরের কুন্ডের চরের আলাউদ্দিন সর্দারের পুত্র রাসেল সর্দার (২৮)। বিএনপির সমবেদনা গতকাল সকালে লঞ্চ ডুবির ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সমবেদনা জানাতে এবং উদ্ধার কাজের অগ্রগতি দেখতে মাওয়ায় আসে বিএনপির একটি টিম। মসজিদে মসজিদে দোয়া মাওয়ার ‘পিনাক-৬’ ডুবে নিহতদের স্মরণে মুন্সীগঞ্জ ও মাদারীপুরের মসজিদে মসজিদে জুম্মার পর বিশেষ দোয়া হয়েছে।