পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান দিয়েছে বিজেপি সমর্থকরা। এনিয়ে বেজায় চটেছেন মমতা।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার ভাটপাড়ার মমতা কনভয়কে উদ্দেশ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান দেয় কয়েকজন যুবক। মমতার অভিযোগ, ভাটপাড়ায় তাঁর গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা।
গতকাল বৃহস্পতিবার নৈহাটিতে জনসভা করতে যান মুখ্যমন্ত্রী। বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়ি ফেরানোর জন্য তিনি সেখানে ধরনা মঞ্চে অংশগ্রহণ করেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যাওয়ার পথে ভাটপাড়া জুটমিলের কাছে তাঁর কনভয় লক্ষ্য করে 'জয় শ্রী রাম' স্লোগান দিতে শুরু করে স্থানীয় কয়েক জন যুবক। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে পড়েন মমতা। স্লোগানরত যুবকদের তাড়া করে গিয়ে ধমক দিয়ে তিনি বলেন, ‘কী সাহস! গালাগালি দিচ্ছে ওরা।’
পরে নৈহাটির মঞ্চ থেকে মমতা বলেন, ‘বাংলাকে কোনওদিন গুজরাট হতে দেব না।’
মমতার দাবি, ভাটপাড়ায় জুটমিলের সামনে বেশ কিছু যুবক তাঁর গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। কী ভাবে এত সাহস পায় ওরা, তাই নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার অভিযোগ, তাঁর 'জয় বাংলা' স্লোগান চুরি করে 'জয় শ্রীরাম' স্লোগান চালু করেছে বিজেপি। পালটা হিসেবে তিনি নির্দেশ দেন, এবার থেকে 'জয় হিন্দ' স্লোগান চালু করতে হবে।
আরো পড়ুন: এবার মেক্সিকোর সঙ্গে ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু করলো ট্রাম্প
তিনি বলেন, আমি কখনও হিন্দু-মুসলমান করি না।সব হিন্দিভাষী খারাপ, মনে করি না। সবাইকে এক চোখে দেখি। কোনও দিন বিভাজনের রাজনীতি করিনি। কিন্তু এরপরেও যা ঘটছে, তা কখনই মেনে নেওয়া হবে না।
ইত্তেফাক/এসআর