বান্দরবানে পাহাড়ি আদিবাসীদের শোভাযাত্রা

সাংবিধানিক স্বীকৃতির দাবি ‘আদিবাসী’ হিসাবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বান্দরবানে র্যালী-সমাবেশ করেছে পাহাড়ি সংগঠনগুলো। গতকাল শনিবার স্থানীয় রাজারমাঠ থেকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদযাপন কমিটির ব্যানারে তারা শহরে শোভাযাত্রা করে। শোভাযাত্রায় মারমা, চাকমা, ম্রো, বম, ত্রিপুরাসহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর শত শত নারী-পুরুষ অংশ নেয়। তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজারমাঠে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি রাজপুত্র চহ্লা প্রু জিমির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরভ সিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজিব মির, জেলা জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন, সহ-সভাপতি চিংহ্লা মং চাক, সাংস্কৃতিক সংগঠক জলিমং মারমা, পাহাড়ি লেখক-গবেষক সিইয়ং ম্রো, জনসংহতি সমিতি মহিলা দলের সভানেত্রী ওয়াই চিং মারমাসহ পাহাড়ি নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেছেন, আদিবাসীদের ‘আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি’ দিতে হবে। একইসাথে পার্বত্যঞ্চলের শান্তি ফিরিয়ে আনতে পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবি জানান তারা।