কালকিনির পৌর সড়কগুলোর বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৫
মাদারীপুরের কালকিনি পৌরসভার অন্তর্বর্তী ৮টি কার্পেটিং রাস্তা মরণ ফাঁদে পরিণত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসি। বর্ষা মৌসুমে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
উপজেলার পিছনের ব্রিজ থেকে কাসিমপুর হয়ে পৌরসভার শেষ মাথা, কালকিনি কাসিমপুর জোরা ব্রিজ থেকে উত্তর কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট সাদিপুর মসজিদ থেকে নয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুরহাট থেকে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরলক্ষ্মী ব্রিজ থেকে লক্ষ্মীপুর পখিরার শেষ মাথা, কালকিনি মাছ বাজার থেকে ঠেঙ্গামারা খোকন বেপারীর বাড়ি, আকমল কমিশনারের বাড়ি হইতে পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালকিনি-সাহেবরামপুর সড়কের বহদ্দারঘাট থেকে ঝুরগা পর্যন্ত কার্পেটিং রাস্তায় মাঝে-মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় ভ্যান, ইজিবাইক, টমটম, নসিমন ও করিমন দুর্ঘটনার শিকার হচ্ছে। বার বার পৌরসভার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম আতংকের মধ্যে রাস্তায় চলাচল করছে। সংস্কারের নামে পৌরসভার লক্ষ লক্ষ টাকা খরচ দেখালেও হাজার হাজার মানুষের চলাচলকারী রাস্তাগুলো পুনঃসংস্কারের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এব্যাপারে কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী এসএম লুত্ফর রানা বলেন, রাস্তাগুলো পুনর্নির্মাণ করা জরুরি কিন্তু এলজিইডি’র মাধ্যমে রাস্তাগুলো করা হয়েছিল আমরা আবেদন করেছি রাস্তার কোড নং পাওয়ার জন্য, পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।