আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৮
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৭
গতকাল শনিবার এ উপজেলা শহরে আওয়ামী লীগের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ উভয় গ্রুপের ৮ জন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের গণসংবর্ধনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর গ্রুপের সাথে হুইপ ছেলুন জোয়ার্দ্দার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। শহরের কেবি মার্কেটের সামনে মিছিল করার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন (৪৭), ডাবলু (৩৮), বিল্লাল হোসেন (৩২), বিশারত আলী বিশু (৪৮), আসাদুল ইসলাম (৪৮), সুমন (২৬), জসিম (১৯) ও এমপি টগর গ্রুপের সমর্থক ছাত্রলীগ নেতা খায়রুল বাশার শিপলুকে (২৮) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত উভয় গ্রুপের লোকজন শহরে মহড়ারত ছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ শহরে অবস্থান নিয়েছে।
ছাত্রলীগের দুই গ্রুপের হামলা পাল্টা
হামলায় আহত-৪, গ্রেপ্তার-৩
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের মধ্যে হামলা পাল্টা হামলা চালিয়েছে। দু’পক্ষের হামলা পাল্টা হামলার ঘটনায় উভয়পক্ষের চারজন রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল শনিবার বাগেরহাট সদর উপজেলার গোটাপড়া ইউনিয়নের দেপাড়া আলীয়া মাদ্রাসার ভেতরে ও বাইরে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং হামলার ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রলীগের আহ্বায়ক পক্ষের তিন সমর্থককে গ্রেপ্তার করেছে। আহতদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জন্য ওই দুই নেতা পরস্পর পরস্পরকে দায়ী করেছেন। হামলা পাল্টা হামলার পর এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন: কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাওলাদার সোহেল রানা (২৬) ও তার ছোটভাই আসলাম হাওলাদার (২২), তাঁর সমর্থক এমাদুল পাইক (২৭) এবং বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল ইসলাম সোহাগের মামা আল আমিন শেখ (৪৩)। এদের সবার বাড়ি দেপাড়া গ্রামে।