মিঠাপুকুরে বদলি আদেশ বাতিলের প্রতিবাদে মানববন্ধন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২০:৪৮
রংপুরের মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বদলি আদেশ বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করে অভিভাবক ও এলাকাবাসী। জানা গেছে, ২৭ বছর আগে উপজেলার বালুচর কাশিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন শিক্ষিকা মাহফুজা খাতুন। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সময় নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। এলাকাবাসী ও অভিভাবকগণ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত ২৫ জুন তাকে চক দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। ইতোমধ্যে তার স্থলে আবু সুফিয়ান নামে আরেক শিক্ষক যোগদান করেছেন। কিন্তু, মাহফুজা খাতুন চক দুর্গাপুর বিদ্যালয়ে যোগদান না করে তার বদলি আদেশ স্থগিত করে নেন। এর প্রতিবাদে শত শত অভিভাবক ও এলাকাবাসী বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে জড়ো হয়ে মানববন্ধন করে এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাননি।