শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করবেন না
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২১:৩৪
খালেদা জিয়াকে হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন না করতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বিএনপি নেত্রীর উদ্দেশ্যে বলেন, আপনার জন্মদিন ১৫ আগস্ট নয়। কাবিননামা, পাসপোর্টেও আপনার এই জন্মদিনের কথা উল্লেখ নেই।
বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আন্দোলন করার মতো ক্ষমতা তাদের নেই। তাদের আন্দোলন ভিডিও কনফারেন্স আর আউটসোর্সিং এর আন্দোলন।
আয়োজক সংগঠনের সভাপতি তারানা হালিম এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, প্রফেসর আবদুল মান্নান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান প্রমুখ।