উইলস লিটল ফ্লাওয়ার কর্তৃপক্ষ সমীপে
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২১:৪১
ঢাকার উইল্স লিট্ল ফ্লাওয়ার অ্যান্ড কলেজের খ্যাতি অনস্বীকার্য। কিন্তু প্রতিষ্ঠানের কিছু বিষয় উল্লেখ করছি যা অত্যন্ত পীড়াদায়ক। কর্তৃপক্ষ স্কুলের বাংলা মাধ্যমের পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বছরের শুরু থেকে বিশেষ ক্লাস নিচ্ছেন, যাকে কর্তৃপক্ষের বদান্যতা বলে ভাবা হয়েছিল। কিন্তু এ বিশেষ ক্লাসের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে দিতে হচ্ছে অভিভাবকদের। অর্ধবার্ষিক পরীক্ষার জন্য জুন মাসে এ ক্লাস না হলেও জুলাই মাসের (রমজানে স্কুল সরকার বন্ধ রাখতে বললেও) ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত ১৫ দিন বিশেষ ক্লাস করিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০০ টাকা করে নেওয়া হয়েছে। তবে এ বিশেষ ক্লাসে ধর্ম বিষয়টি গুরুত্ব সহকারে পড়ানো হয় না বলে জানা গেছে।
এবার অর্ধবার্ষিক পরীক্ষায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সব পরীক্ষা ভালোভাবে দিয়ে এলেও শেষ পরীক্ষা বাংলা দিতে গিয়ে পড়েছিল বিপাকে। অর্থাত্ প্রশ্নপত্রে সংশোধনী। প্রশ্নের শুরুতে ‘মৃিশল্প’ বিষয়ক অনুচ্ছেদ দেখে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নোত্তর দিতে বলা হলেও ৪ নম্বর প্রশ্নটিতে মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা বিষয়ক তিনটি প্রশ্ন ছিল। এছাড়া ৫ নম্বর প্রশ্নে ‘সংকল্প’ নামক কবিতাংশটি পড়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বর প্রশ্নোত্তর দিতে গিয়ে ৭ নম্বর প্রশ্নটিতে দেখা যায় ‘মৃিশল্প’ বিষয়ক প্রশ্ন দেওয়া হয়েছে। এক-দেড় ঘণ্টা পরীক্ষা চলার পর এ দু’টি প্রশ্ন সংশোধন করায় শিক্ষার্থীদের বেশ সময়ক্ষেপণ হয়েছে। এছাড়া বাংলা প্রশ্নে বেশ কিছু ভুল বানান লক্ষ করা গেছে। যেমন বংশ পরস্পরায়, নকঁশা, উড়ন্ত পরি, ময়ুরপঙ্খি, ময়ুরপঙ্খী নৌকা, তৈরীকৃত শব্দ, বিবাহ উপলক্ষ্যে, তোমর বাবার, ঘুর্ণিপাকে, আমর ভাইয়ের, প্রাানের পুত, মায়ের শুখের, প্রানী গুরত্ব ইত্যাদি
পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপরোল্লিখিত বিষয়ের সমাধান ও সযত্ন পরিচর্যা আশা করছি।
জনৈক অভিভাবক