সাঙ্গাকারার দিনে এগিয়ে শ্রীলঙ্কা

কুমার সাঙ্গাকারার সাইত্রিশতম টেস্ট সেঞ্চুরির সুবাদে টেস্টের তৃতীয় দিনেই শ্রীলঙ্কা বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। গতকাল চতুর্থ দিনে আরো চওড়া হলো সাঙ্গাকারার ব্যাট। প্রায় নিখুঁত ব্যাটিংয়ের অসাধারণ এক প্রদর্শনীতে এই বাঁহাতি তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম ডাবল সেঞ্চুরি। উইকেটের অন্যপ্রান্তে তাকে দারুণ সহযোগিতা করলেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। ফলে, পাকিস্তানের গড়া ৪৫১ রানের বিশাল সংগ্রহ টপকে লঙ্কানরা পেল ৮২ রানের লিড। দিনের একেবারে শেষ দিকে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নামা সফরকারীদের একটি উইকেট তুলে নিয়ে তাদের আরো চাপে ফেলে দিয়েছে লঙ্কানরা। দ্বিতীয় দিন শেষে ৩৬ রানে অপরাজিত থাকা সাঙ্গাকারা গত শুক্রবারই পেয়ে যান শতরানের দেখা। বৃষ্টির কারণে দিনের অর্ধেকটা সময় খেলা বন্ধ না থাকলে হয়তো ঐদিনই আরো বাড়তে পারতো তার সংগ্রহ। ১০২ রান নিয়ে গতকাল দিনের খেলা শুরু করা এই তারকা অবশ্য কাল প্রথম ওভারেই আউট হয়ে যেতে পারতেন। তবে জুনাইদ খানের বলে তার ক্যাচটা নিতে পারেননি...। তবে সাঙ্গাকারা বেঁচে গেলেও ঐ ওভারেই ফিরে যান আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। আগের দিনের সাথে মাত্র চার রান যোগ করে জুনাইদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাবেক এই লঙ্কান দলপতি। এই সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় বলতে যাওয়া জয়াবর্ধনের বিদায়ের পর সাঙ্গার সাথে জুটি বাঁধেন ম্যাথুস। চতুর্থ উইকেটে এই দুজনের ইনিংস সর্বোচ্চ ১৮১ রানের জুটিতে পাকিস্তানের সংগ্রহের প্রায় কাছাকাছি পৌঁছে যায় স্বাগতিকরা। সেঞ্চুরিটাকে যখন একেবারে পাওনা মনে হচ্ছিল তখনই সাইদ আজমলের বলে ইউনুস খানকে ক্যাচ দেন ম্যাথুস। সেঞ্চুরি থেকে মাত্র নয় রান দূরে থাকতে অধিনায়ক বিদায় নিলেও অন্যপ্রান্তে যথারীতি অবিচল ছিলেন সাঙ্গাকারা। অষ্টম ব্যাটসম্যান হিসাবে তিনি যখন সাজঘরে ফেরেন ততক্ষণে দলীয় রান পৌঁছে গেছে ৫১১ তে। আর নিজের নামের পাশে ২২১। প্রায় বারো ঘন্টা উইকেটে থেকে ৪২৫ বলের মোকাবেলায় গড়া এই ইনিংসটি খেলার পথে সাঙ্গাকারা ছাড়িয়ে গেছেন ব্রায়ান লারাকে। পাশাপাশি গড়েছেন নতুন ইতিহাসও। ডন ব্রাডম্যানের ১২টির পরে তিনিই এখন সর্বোচ্চ সংখ্যক ডাবল সেঞ্চুরির মালিক। নয়টি দ্বিশতক নিয়ে এতদিন লারার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। দ্বিশতকের তালিকায় এখনো ব্রাডম্যানকে ছুঁতে না পারলেও ১৫০ কিংবা তার বেশি রানের ইনিংসের ক্ষেত্রে এই অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেছেন সাঙ্গাকারা। ব্রাডম্যানের সমান ১৮টি দেড়শো কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংসের মালিক তিনি। সাঙ্গাকারার বিদায়ের পরপরই নয় উইকেটে ৫৩৩ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। সাঙ্গাকারার দিনে পাঁচ উইকেট নিয়েও আলোচনার বাইরেই থেকে গেছেন আজমল। দুটি উইকেট নেন বাঁহাতি পেসার জুনাইদ। দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান ইনিংসের চতুর্থ ওভারেই হারায় ওপেনার খুররাম মানজুরের উইকেট। রঙ্গনা হেরাথের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ছয় ওভারে মাত্র চার রান সংগ্রহ করা পাকিস্তান আজ শেষ নয়টি উইকেট হাতে নিয়ে এখনো পিছিয়ে আছে ৭৮ রানে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি খেলোয়াড় দেশ ডাবল সেঞ্চুরি সর্বোচ্চ ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া ১২ ৩৩৪ কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা ১০ ৩১৯ ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ ০৯ ৪০০* ওয়ালি হ্যামন্ড ইংল্যান্ড ০৭ ৩৩৬* মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা ০৭ ৩৭৪