কঠিন প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষায় মরিনহো
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২২:০৬
চেলসি কোচ হোসে মরিনহো মনে করেন ২০১৪-১৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগটি যে কেউই জিততে পারে। কেননা ইংল্যান্ডের শীর্ষ লিগটি আগের যে কোন সময়ের চেয়ে এখন অনেক শক্তিশালী।
মরিনহো স্টামফোর্ড ব্রিজে প্রথম দফায় কাজ করতে এসে ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে অনায়াসে টানা দুবার প্রিমিয়ার লিগ জিতেছিলেন। গেল মৌসুমে দ্বিতীয়বারের মতো আবার দলটির হাল ধরে তৃতীয় স্থান দখল করতে সক্ষম হন তিনি। চেলসি অবশ্য চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার সিটির চেয়ে কেবল চার পয়েন্টে পিছিয়ে ছিল। তাদের লন্ডন শহরের প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ছিল আরে তিন পয়েন্ট পেছনে।
ধারণা করা হচ্ছে ১৬ আগস্ট শনিবার শুরু হতে যাওয়া লিগটিও কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এতে শিরোপাধারী সিটি, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম শিরোপা লড়াইয়ের জন্য তাদের দল জোরদার করেছে।
আগের দুটি শিরোপা জয়ে মরিনহো নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১২ ও আট পয়েন্টে পেছনে ফেললেও এবার কঠিন লড়াই হবে বলেই মনে করছেন। মরিনহো বৃটেনের বিটি স্পোর্টকে বলেন, ‘আমার প্রথম দফার চেয়ে এখন ইংল্যান্ডে প্রতিদ্বন্দ্বিতা আরো কঠিন। এখন আরো বেশি এ কারণে যে আমার প্রথম দফায় ম্যান সিটির আর্থিক পরিস্থিতি আজকের মতো ছিল না। এমনকি এই মুহূর্তে টটেনহ্যামও শীর্ষ পাঁচ কিংবা ছয়ের মধ্যেই আছে। এরকম পরিস্থিতিতে আপনি কি আমাকে বলতে পারবেন কে প্রিমিয়ার লিগটি জিততে যাচ্ছে? আপনি বলতে পারবেন না। আপনি হয়তো বলার চেষ্টা করতে পারবেন। আপনি কি বলতে পারবেন শীর্ষ পাঁচটির মধ্যে কে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে না? আপনি বলতে পারবেন না। এটাই আমি চাই।’
চলতি মৌসুমের দলবদলের বাজারে চেলসিও ব্যস্ত ছিল। তারা এই সময়ে প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দিয়ে দিয়েগো কস্তা, সেসক ফেব্রেগাস, ফিলিপ লুইস ও দর্শকদের প্রিয় দিদিয়ের দ্রগবাকে কিনেছে।
ব্লুজরা একই সময়ে ডেভিড লুইজ ও রোমেলু লুকাকুকে বিক্রি করে দিয়েছে। এছাড়া ক্লাবের দীর্ঘদিনের সুপরিচিত খেলোয়াড় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও অ্যাশলি কোল নতুনভাবে চুক্তি না করানোয় তারা দল ছেড়ে যান। সব মিলিয়ে ২০১৪-১৫ মৌসুমকে ঘিরে দল ঘোচানোর জন্য বড় প্রয়াস চালায় ক্লাবটি।
এ প্রসঙ্গে মরিনহো বলেন, ‘গেল মৌসুম আমার ও খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আমি মনে করি দলবদলের বাজারে আমরা দারুণ কাজ করেছি। আমরা লক্ষ্য অনুযায়ী দল ঘুচিয়েছি।’
চেলসি ১৮ আগস্ট নবাগত বার্নলির মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করবে। এর আগে লিগের উদ্বোধনী দিনে বড় দলগুলোর মধ্যে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও টটেনহ্যাম। সকারওয়ে।