স্পিন কোচ পিয়াল আসছেন না

কালপাগে আসবেন দ্রুতই

একসঙ্গেই বাংলাদেশ দলে যোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছিলেন সাবেক দুই লঙ্কান সতীর্থ ও বর্তমান শ্রীলঙ্কা দলের দায়িত্ব থাকা রুয়ান কালপাগে ও উইজাতুঙ্গে পিয়াল। কিন্তু যেমনটা অনুমান করা হয়েছিল, তরুণ স্পিনারদের কথা ভেবেই পিয়ালকে পদত্যাগপত্র প্রত্যাহারে রাজি করিয়ে ফেলেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। গতকাল পিয়ালের এই মত বদলের খবর নিশ্চিত করে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নতুন স্পিন কোচের সন্ধান করছেন। নতুন কোচ না আসা পর্যন্ত ফিল্ডিং কোচ হিসেবে আসতে থাকা সাবেক অফস্পিনিং অলরাউন্ডার কালপাগেই স্পিন বিভাগটাও দেখতে পারেন বলেও ধারণা দেয়া হয়েছে বিসিবি থেকে। বাংলাদেশ দলে যোগ দিতেই কালপাগে ও পিয়াল যথাক্রমে শ্রীলঙ্কার সহকারী কোচ ও জাতীয় দলের স্পিন কোচের পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু গতকাল ক্রিকেট শ্রীলঙ্কার প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানালেন, তারা পিয়ালের সঙ্গে ফলপ্রসু একটা আলোচনা করেছেন। এই আলোচনার ফলে পিয়াল তার পদত্যাগপত্র প্রত্যাহারে রাজি হয়েছেন, ‘নির্বাহী কমিটির সঙ্গে উইজেতুঙ্গের ভালো একটা আলোচনা হয়েছে। সে পদত্যাগপত্র প্রত্যাহার করতে রাজি হয়েছে। এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার ক্রিকেটের ভালোর জন্যই হয়েছে।’ স্বাভাবিকভাবেই পিয়ালের এই সিদ্ধান্তে হতাশ বিসিবি। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, ‘তার সঙ্গে আমাদের প্রাথমিক চুক্তিও হয়েছিল। এখন সে শ্রীলঙ্কান বোর্ডের কাছ থেকে ক্লিয়ারেন্স পায়নি। এখানে আমাদের তো করার কিছু নেই। আমরা হতাশ। তার উচিত ছিল আমাদের সঙ্গে চুক্তি সই করার আগেই ক্লিয়ারেন্স নেয়া। যাইহোক, এখন আমরা নতুন স্পিন কোচের সন্ধান করবো’। যতদূর জানা গেছে, মুরালিধরন ও কালপাগের ঘনিষ্ঠ সতীর্থ পিয়ালকে মূলত এসএলসি আটকেছে তাদের তরুণ ক্রিকেটারদের কথা ভেবে। সাবেক এই বাহাতি স্পিনারকে বর্তমান লঙ্কান স্পিনারদের মেন্টর মনে করা হয়। বিশেষ করে বোলিং অ্যাকশনের কারণে সাময়িক নিষিদ্ধ সচিত্র সেনানায়েকের অ্যাকশন শুধরানোর কাজ করতে থাকা পিয়ালকে এই কাজ শেষ করার আগে অন্তত কিছুতেই হারাতে রাজি নয় এসএলসি। গ্রাহাম ফোর্ড ও পল ফ্যাব্রেসের সময় ফিল্ডিং কোচ ও বর্তমানে মারভান আতাপাত্তুর সময়ে সহকারী কোচ হিসেবে শ্রীলঙ্কা দলে কাজ করতে থাকা কালপাগেকে অবশ্য আটকানোর খুব একটা চেষ্টা করেনি বোর্ড। শ্রীলঙ্কার হয়ে ১১টি টেস্ট ও ৮৬টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডারের পারফরম্যান্সে খুব সন্তুষ্ট নয়। এমনকি কালপাগে পদত্যাগের আগেই তারা নতুন ফিল্ডিং কোচ খুঁজতে শুরু করেছে বলেও জানা গেল। অ্যাশলি ডি সিলভা জানালেন, ‘সে কোথাও একটা ভালো প্রস্তাব পেয়েছে। কোথায় যাচ্ছে জানি না। শুধু জানি সে পদত্যাগ করেছে।’