আবার উইলিয়ামস বোনদের লড়াই
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২২:০৮
একসময় মহিলা টেনিসে নিয়মিতই দেখা যেত এই দৃশ্য। দুই বোনের শক্তিমত্তার কাছে অনেকটা নাজেহাল ছিলেন বাকি সবাই। তবে গত কয়েক বছর ধরে বড় বোন ভেনাসের বাজে পারফরম্যান্সে উইলিয়ামস বোনদের সেই দ্বৈরথের কথা প্রায় ভুলতেই বসেছিলেন সবাই। প্রায় এক বছরের বিরতি শেষে অবশেষে আবার মুখোমুখি হয়েছেন দুই বোন। সেরেনা উইলিয়ামস এবং ভেনাস উইলিয়ামসের সেই লড়াইয়ে কে জিতেছেন টেনিসভক্তদের সেটা অবশ্য এতক্ষণে জেনে যাবার কথা। রজার্স কাপের সেমিফাইনালে গতকাল মাঝরাতেই মুখোমুখি হয়েছিলেন এই দুই আমেরিকান।
এর আগে গত শুক্রবার রাতের কোয়ার্টার ফাইনালে জিততে বাড়তি ঘাম ঝরাতে হয়েছে দুই বোনকেই। টুর্নামেন্টের শীর্ষ বাছাই এবং মহিলা টেনিসের এক নম্বর সেরেনা ৪-৬, ৭-৪, ৭-৫ গেমে হারিয়েছেন সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকিকে। অন্যদিকে ভেনাস ৪-৬, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে।
টেনিসপ্রেমীদের কাছে দুই বোনের লড়াই মহাকাঙ্ক্ষিত হলেও, একে অন্যের মুখোমুখি হওয়াটা তারা নিজেরা মোটেই উপভোগ করেন না বলে জানালেন সেরেনা। পরস্পর পরস্পরের শক্তিমত্তা-দুর্বলতাগুলো খুব ভালোভাবে জানেন বলেই কোর্টে দু’জনের লড়াইটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় জানিয়ে সেরেনা বলেন, ‘আমি কখনোই তার মুখোমুখি হওয়াটা উপভোগ করিনা। আমার মনে হয়, অন্য যে কারো চাইতে আমি তার কাছে বেশি বার হেরেছি। অবশ্যই তার মুখোমুখি হওয়াটা আনন্দের কোন ব্যাপার না।’
ভেনাসের শক্তিমত্তার দিকগুলো উল্লেখ করে সেরেনা বলেন, ‘সব ক্ষেত্রেই শক্তিশালী সে। সার্ভে দুর্দান্ত। প্রতিটা বলের পেছনে ছোটার ক্ষমতা আছে তার। ব্যাকহ্যান্ডে অসাধারণ সে। কোর্টের যে কোন প্রান্ত থেকে ফোরহ্যান্ডেও প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা রাখে সে। সুতরাং, তার বিরুদ্ধে খেলাটা কারো জন্যই সহজ নয়।’
বড় বোনের প্রশংসায় পঞ্চমুখ হলেও, দু’জনের মুখোমুখিতায় জয়ের পাল্লাটা ভারি কিন্তু সেরেনার দিকেই। এখন পর্যন্ত ২৪ বার পরস্পরের মুখোমুখি হয়ে ১৪ বার জিতেছেন সেরেনা।
গত বছর চার্লস্টন ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হবার পর এটাই হবে দু’জনের প্রথম লড়াই। আর গত পাঁচ বছরের হিসাবে মাত্র দ্বিতীয়। সেরেনার মুখোমুখি হওয়াটা মোটেই সুখকর কোন অভিজ্ঞতা নয় বলে স্বীকার করলেন ভেনাসও। র্যাঙ্কিংয়ের সাবেক বিশ্বসেরা এই তারকা বলেন, ‘তার বিরুদ্ধে খেলার সময় আমি আসলে কোন গোপন কৌশল বা তত্ত্ব মাথায় রাখি না। কারণ, তার বিরুদ্ধে জিতেছে এমন যে কেউ স্বীকার করবে, নিজের সেরা খেলাটা খেলতে না পারলে তাকে হারানো অসম্ভব। আমাকেও হয়তো তাই করতে হবে।’ সুপারস্পোর্ট