ইবোলা ভাইরাস প্রতিরোধে বিশেষ সতর্কতা

ইবোলা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী সতর্কতা জারি করার পর বাংলাদেশে সেই ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী এদেশে স্বাস্থ্য বিভাগ সতর্কতা কার্যক্রম শুরু করেছে। বিমানবন্দর, স্থলবন্দর ও হাসপাতালে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ ভাইরাসে আক্রান্ত কিংবা সন্দেহজনক কোন ব্যক্তির রক্ত সংগ্রহ করে পরীক্ষা করার আটলান্টা সিডিসিতে পাঠানো হবে। আফ্রিকায় ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন দেশসমূহে যেতে চাইলে তাদেরকে বিশেষ সতর্কতা থাকার ব্যাপারে পরামর্শ দেয়া হবে। এদিকে ইবোলা ভাইরাস নিয়ে সরকারের কি করণীয় এ সম্পর্কে আজ রবিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হবে। মহাখালী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডি সিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান বলেন, প্রাণঘাতী নিপাহ ভাইরাস নিয়ে তাদের অভিজ্ঞতা রয়েছে। ইবোলা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে চিকিত্সকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।