রাহুলের বিরুদ্ধে সামাজিক বন্ধন ধ্বংসের অভিযোগ মোদীর
অঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লি
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২২:৪৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে ইঙ্গিত করে বলেছেন, কিছু লোক সামাজিক বন্ধন ধ্বংসের ষড়যন্ত্র করছেন। গতকাল শনিবার নয়াদিল্লিতে নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় পরিষদের সভায় এ কথা বলেন মোদী। গত শুক্রবার রাহুল গান্ধী বলেন, উত্তরপ্রদেশে নির্বাচনপূর্ব সামপ্রদায়িক সহিংসতা ছিল সাজানো।
সভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, যারা ৬০ বছরে ক্ষমতায় থেকে কিছু করতে পারেনি তারা আমাদের ৬০ দিনের কাজের জবাবদিহি চায়। তিনি বলেন, আশা করি আমরা আমাদের কাজে সফল হবো। সভায় মোদী চলতি বছরের লোকসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ‘অধিনায়ক’ এবং অমিত শাহকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনী বিশেষজ্ঞরা আমাদের কোনো সুযোগ দিতে চাইছিল না। কিন্তু জনগণ সেই কাজটি করেছে। আমাদের জন্য এখন এটা একটা সুযোগ। দিনব্যাপী অনুষ্ঠিত সভায় বিজেপি’র নতুন সভাপতি অমিত শাহ বলেন, জাতি এখনো কংগ্রেসমুক্ত ভারত চায় না। আস্তে আস্তে ভারতে বিজেপি’র আদর্শ বিস্তৃত হবে। তিনি চারটি রাজ্যে চলতি বছরের বিধানসভা নির্বাচনে ভাল ফল করার জন্য নেতা-কর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। গত লোকসভা নির্বাচনে বিজেপি’র জয়ে অনবদ্য ভূমিকা পালন করেন অমিত শাহ। তিনি উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন। এই প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭১টি আসন বিজেপি’র থলেতে পুরতে সক্ষম হন অমিত শাহ। সভায় দলটির সিনিয়র নেতা এল কে আদভানি, অরুণ জেটলিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
উত্তরপ্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টিও বিজেপি’র বিরুদ্ধে সামপ্রদায়িক সহিংসতা সৃষ্টির অভিযোগ করেছে। দলটির নেতা রাজেন্দ্র চৌধুরী বলেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর মন করছে তারা সহিংসতা সৃষ্টির লাইসেন্স পেয়ে গেছে। সমাজবাদী পার্টি (এসপি) ক্ষমতায় আসার পর থেকে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উত্তরপ্রদেশে সামপ্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে।