প্রাইম ইউনিভার্সিটির অবৈধ ক্যাম্পাস বন্ধের নির্দেশ
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৪, ২২:৫২
মূল ক্যাম্পাস (২এ/১, নর্থ ইস্ট দারুসসালাম রোড, মিরপুর-১) ছাড়া প্রাইম ইউনিভার্সিটির অন্য ক্যাম্পাস অবৈধ- উল্লেখ করে তা বন্ধসহ স্থাপনা থেকে উচ্ছেদ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাসচিব ড. মোহাম্মদ সাদিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্যানেল আইনজীবীর মতামতের পরিপ্রেক্ষিতে তারা এ পদক্ষেপ নিয়েছেন।
চিঠিতে বিশ্ববিদ্যালয়টির মিরপুরের মূল ক্যাম্পাস ছাড়া যেসব ক্যাম্পাস রয়েছে, তা উচ্ছেদের কথা বলা হয়। মিরপুরের মূল ক্যাম্পাস ছাড়া ফার্মগেট, মিরপুর, উত্তরা, বারিধারা ও ধানমন্ডিতে ক্যাম্পাস রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০০২ সালে সরকার এই বিশ্ববিদ্যালয়টি মিরপুরের ২এ/১, নর্থ ইস্ট দারুসসালাম রোডের ঠিকানায় পরিচালনার জন্য সাময়িক অনুমতি দেয়। কিন্তু সংশ্লিষ্টরা পরে কিশোরগঞ্জে একটি আউটার ক্যাম্পাস খোলে। ২০০৭ সালে সরকার আউটার ক্যাম্পাস কার্যক্রম অবৈধ ঘোষণা করলে তারা উত্তরার বিএনএস সেন্টারে ক্যাম্পাস পরিচালনা করে। একপর্যায়ে মালিকানা দ্বন্দ্ব তৈরি হয়। সৃষ্টি হয় আরেকটি মালিক দাবিদার অংশ। ওই অংশই রাজধানীতে ৫টি ক্যাম্পাস পরিচালনা করে। এরপর এ নিয়ে নানা মামলা-পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে প্যানেল আইনজীবীর মতামতের প্রেক্ষিতে অবৈধ ক্যাম্পাস উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়।